ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন, সিঙ্গাপুর ও করাচি রুটে ফ্লাইট চালু করবে বেসরকারি জিএমজি এয়ারলাইন্স। আগামী বছর এই নতুন তিনটি রুটে সংস্থাটির উড়োজাহাজ চলাচল করবে।
জিএমজি'র মহাব্যবস্থাপক ইসমাইল ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
তিনি বলেন, "অনুমোদন পেতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে জমা দেওয়া আবেদনের যথেষ্ট অগ্রগতি হয়েছে।"
এই তিন রুটে ফ্লাইট চালু হলে এয়ারলাইন্সটির মোট আন্তর্জাতিক রুট সংখ্যা দাঁড়াবে নয়টিতে।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষণ অনুযায়ী, বছরে বাংলাদেশ থেকে বিদেশগামী উড়োজাহাজে যাত্রীর সংখ্যা গড়ে ১০ শতাংশ হারে বাড়ছে। কিন্তু উড়োজাহাজ সংকট ও লোকসানের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত এক বছরে নিউইয়র্কসহ ছয়টি আন্তর্জাতিক ও চারটি অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেয়। এখন চালু আছে ২০টি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট।
অন্যদিকে জিএমজি এয়ারলাইন্স গত চার বছরে কলকাতা, দিল্লি, কাঠমান্ডু, ব্যাংকক, কুয়ালামপুর ও দুবাই রুটে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। বিমানের তিনটি অভ্যন্তরীণ রুটে (চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার) জিএমজিসহ এখন এভিয়ানা এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারওয়েজ ও বেস্ট এভিয়েশন ফ্লাইট চালাচ্ছে।
জিএমজি জানিয়েছে, তাদের উড়োজাহাজ বহরে দুটি ড্যাশ ৮, তিনটি বোয়িং এমডি ৮০, একটি বোয়িং ৭৩৭ এবং একটি বোয়িং ৭৪৭ রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট বাড়লে প্রয়োজনে জিএমজি আরো উড়োজাহাজ ইজারায় নিয়ে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এএল/এমএ/১৬২২ঘ.
bdnews24