২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের চাহিদার চাপ কমাতে সরকার কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

মানুষের চাহিদার উল্লম্ফন সরকারের ওপর চাপ হিসেবে কাজ করছে। সরকার কালক্ষেপণ না করে এই চাপ কমানোর লক্ষ্যে কাজও শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষের চাহিদার উল্লম্ফন সরকারের ওপর চাপ হিসেবে কাজ করছে। সরকার কালক্ষেপণ না করে এই চাপ কমানোর লক্ষ্যে কাজও শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, "চট্টগ্রামের উন্নয়নকে আঞ্চলিকতার ভিত্তিতে নয় বরং জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখতে হবে।" উপদেষ্টা বলেন, "বাণিজ্যিক রাজধানী বড় কথা নয়, চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এই নগরীকে বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে ধাপে ধাপে এগুতে হবে। এজন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করে সংক্ষিপ্ত সময়ে সর্বোচ্চ কাজ করতে চাচ্ছি, যেসব কাজ বাস্তব ফল বয়ে আনবে।" চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে আবু সুফিয়ান, এম. নাসিরুল হক, এজাজ ইউসুফী ও জসিম চৌধুরী সবুজ বক্তব্য রাখেন। এর আগে সকালে উপদেষ্টা বন্দর, ভোজ্য তেল সংরক্ষণাগার ও কর্ণফুলীর নদীর ওপারে অবস্থিত ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড পরিদর্শন করেন। শিপইয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশ জাহাজ নির্মাণ খাতে অনেক দূর এগিয়ে যাবে। জাহাজ নির্মাণ শিল্প শুধুমাত্র কাগুজে সম্ভাবনা নয় বলেও উল্লেখ করেন তিনি। শিপইয়ার্ড পরিদর্শনকালে ড. হোসেন জিল্লুর রহমানের সঙ্গে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুল মজিদ, যৌথবাহিনী চট্টগ্রাম অঞ্চলের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, চট্টগ্রাম কাস্টমস কমিশনার (রপ্তানি) মারগুব আহমেদ ও ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সাইফুল ইসলাম। উপদেষ্টা বৃহস্পতিবার রাতে সার্কিট হাউজে ব্যবসায়ীদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। এসময় দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা বৈঠকে বলেন, ভোগ্যপণ্যের দামের অস্থিরতা দূর করতে সরকার সবধরনের পদক্ষেপ নিচ্ছে। সরকারি পদক্ষেপের মধ্যে তথ্যভিত্তিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগাম পূর্বাভাস, দরিদ্র ভোক্তাদের সহনীয় দামে পণ্য সরবরাহ এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বিত কার্যক্রম গ্রহণের কথা উল্লেখ করেন তিনি। সরকার শিগগিরই অস্থিরতা দূর করতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। এ ব্যাপারে সরকারকে সহযোগিতার জন্য ব্যবসায়ীদের প্রতি উপদেষ্টা আহ্বান জানান। বৈঠকে বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, বেটার বিজনেস ফোরামের সদস্য সৈয়দ মাহমুদুল হক, জেলা প্রশাসক আশরাফ শামীম, চট্টগ্রাম চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, শিপার্স কাউন্সিলের সভাপতি মাহবুব আলী, এস আলম গ্র"পের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, মাসুদ অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক আবুল বশর চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। শিপার্স কাউন্সিলের সভাপতি মাহবুব আলী বলেন, সিঙ্গাপুরভিত্তিক ফিডার অপারেটররা কনটেইনার প্রতি ১০০ ডলার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখনই এই সিদ্ধান্ত বতিল না করলে এর প্রভাব আমদানি-রপ্তানি বাণিজ্যে প্রভাব ফেলবে। এ ব্যাপারে সরকার উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা রোববারের মধ্যে ফিডার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে ফিডার ভ্যাসেলে কন্টেইনার ভাড়া যাতে না বাড়ে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান। সভায় ব্যবসায়ীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারি বিভাগগুলোর সমন্বয়ের উপর জোর দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এফআই/এমএসবি/২১৪০ ঘ.