ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাংক ও বীমা বাদে অন্যান্য খাতের শেয়ার বিক্রি করে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় বুধবারও শেয়ার বাজারে ছিল মন্দাভাব। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা ব্যাংক ও বীমা খাতের শেয়ারের প্রতি আবার আগ্রহী হচ্ছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালেহ উদ্দীন আহমেদ বলেন, "বিনিয়োগকারীরা আবারো ব্যাংকের শেয়ারের প্রতি আগ্রহী হচ্ছেন। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বাংলাদেশ ব্যাংকের মতো নিয়ন্ত্রক সংস্থার নজরদারী থাকায় এ খাতের শেয়ারের প্রতি তাদের আস্থা বেশি। তাছাড়া ব্যাংকগুলোর অনুমোদিত মূলধন বাড়ানোর ব্যাপারে বাজারে গুঞ্জন থাকায় এ খাতের ব্যাপারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।"
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর প্রথম তিন ঘণ্টা সূচক উঠলেও মাঝ বেলায় পতন শুরু হয়। পতনের মধ্য দিয়েই শেষ পর্যন্ত দিন শেষ করে ডিএসই।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ কমে ২৯৬৬ দশমিক ৬২ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ বেড়ে হয়েছে ২৪৯৬ দশমিক ৫০ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ কমে ২৩৪০ দশমিক ৬৫ পয়েন্ট হয়।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিনের লেনদেনে ছিল ১৯৭ কোটি টাকা। ডিএসইতে ১১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৫২ শতাংশ কমে ২৯১৪ টাকা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ৩১ শতাংশ কমে হয়েছে ১৩৪১ টাকা ৭৫ পয়সা।
তবে ইউসিবিএল এর শেয়ারের দাম ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৩৬৯৬ টাকা ২৫ পয়সায় পৌঁছায়।
গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দামও কমেছে। এক দশমিক ০১ শতাংশ কমে হয়েছে ১১৬ টাকা ৯০ পয়সা।
এছাড়া আইএফআইসি ব্যাংক, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, উত্তরা ব্যাংক ও ডেসকোর শেয়ারের দামও এদিন কমেছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল কর্ণফুলী ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স, নিটোল ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স ও ফার্মা এইড। লোকসানিদের তালিকায় শীর্ষে ছিল আনোয়ার গ্যালভানাইজিং, বিডি লাগেজ ইন্ডাস্ট্রিজ, রাঙ্গামাটি ফুডস, মিথুন নিট ওয়্যার ও বিডি অটোকারস।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বুধবার একটি মিশ্র দিন কাটিয়েছে। এ বাজারে এদিন ৩০ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার ১৯ লাখ ৩৪ হাজার ২৮০টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ১২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫০টির কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত ছিল।
এদিন সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৪ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ৭৫৩২ দশমিক ৪৯ পয়েন্ট হয়। তবে সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক এক দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে হয়েছে ৪৮৪১ দশমিক ২৩ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১১ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ৬৭৩২ দশমিক ৫৪ পয়েন্ট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএইচ/জেকে/১৯৩৮ ঘ.
bdnews24