ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে পাঁচ লাখ টন চাল আমদানির প্রস্তাব মঙ্গলবার অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, টনপ্রতি গড়ে ৩৯৯ ডলার দামে এ চাল কেনা হচ্ছে। স্থল ও জলপথে ৭৫ দিনের মধ্যে সব চাল দেশে পৌঁছাবে।
মঙ্গলবার সচিবলায়ে মন্ত্রিপরিষদ কক্ষে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়।
পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, "সড়ক, রেল, নদী ও সমুদ্র পথে এক লাখ ২৫ হাজার টন করে মোট পাঁচ লাখ টন চাল আনা হবে। প্রতি টন চালের গড় দাম পড়বে ৩৯৯ ডলার। সমুদ্র পথে আনা চালের টনপ্রতি দাম পড়বে ৪১৪ ডলার। ট্রেনে ও সড়ক পথে আনতে ৩৮৮ ডলার ব্যয় হবে। আর নদী পথে আনা চালের দাম পড়বে ৪০০ ডলার।"
গত বছরের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসে সরকারি পর্যায়ে পাঁচ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্র"তি দেন।
ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২৫ হাজার টন সেদ্ধ চাল কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। প্রতি টন এই চালের দাম পড়বে ৪০২ ডলার। কমিটি স্থানীয় দরপত্রের মাধ্যমে বেসরকারি পর্যায়ে আমদানি করা চাল থেকে ৪২ হাজার টন সিদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদন দেয়। সরকারি গুদামে পৌঁছানো পর্যন্ত টনপ্রতি এ চালের দাম পড়বে ২৮ হাজার ৪৯০ থেকে ২৯ হাজার ৫৩৯ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসএসডি/এমএইচবি/২০২৫ ঘ.
bdnews24