চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলস এর মহাপরিচালক ভারতের ওপর নির্ভর না করে অন্যান্য দেশ থেকে চাল ও ধান আমদানির জন্য আমদানিকারক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "ভারতের চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্তে যাতে দেশে চালের সংকট না হয় সেজন্য বিকল্প বাজার খোঁজা জরুরি হয়ে পড়েছে।"
রোববার দুুপুরে চট্টগ্রাম সেনানিবাসের ভাটিয়ারি গলফ ক্লাবে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মতবিনিময় সভায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ এ কথা বলেন।
একটি দেশের উপর নির্ভরশীল হয়ে থাকা উচিত নয় উল্লেখ করে তিনি মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে চাল আমদানির পরামর্শ দেন।
মতবিনিময় সভায় দেশে সংকট কাটাতে ও পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনে চালের পরিবর্তে ধান আমদানির কথা বলেন বিডিআর মহাপরিচালক। এমনকি মিয়ানমারের বিপুল পরিমাণ অনাবাদী জমি চুক্তির ভিত্তিতে বেসরকারি কিংবা সরকারি পর্যায়ে চাষ করা যায় কি না তাও বিবেচনা করার প্রস্তাব দেন তিনি।
তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট পর্যায়ে জানানো হবে যাতে সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়।
সভায় চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত চাক্তাই ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম ব্যবসায়ীদের নির্ভয়ে ভোগ্যপণ্য আমদানি অব্যাহত রাখতে বিডিআর এর সহায়তা কামনা করেন।
তিনি বলেন, ভারত চাল রপ্তানি বন্ধ করে দেওয়ায় তার প্রভাব যাতে বাজারে না পড়ে সেজন্য বিডিআর মহাপরিচালক বিকল্প স্থান থেকে চাল আমদানির উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন।
ওমর আজম জানান, ভোগ্য পণ্যের দাম বাড়ার যে কোন ধরনের বিরূপ সংবাদে হঠাৎ কোন শ্রেণী যাতে বাজারে দাম বাড়িয়ে দিতে না পারে সেজন্য সব ব্যবসায়ীদের সজাগ থাকার বিষয়টি সভায় আলোচনা করা হয়।
তিনি জানান, অনুকূল পরিবেশ পেলে সংকট কাটাতে ও বাজার সহনীয় রাখতে সব উদ্যোগ নেওয়া হবে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে সভায় জানানো হয়।
চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, আমদানিকারক মাসুদ অ্যান্ড ব্রাদার্সের আবুল বশর, ইমাম গ্র"পের মোহাম্মদ আলীসহ চট্টগ্রামের আমদানিকারক ও ব্যবসায়ীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২২০৬ ঘ.
bdnews24