২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের শুরুতেই ঢাকা পুঁজিবাজারে সূচক পতন

দিনের শুরুতে সাধারণ সূচক খানিকটা পড়ে গেলেও রোববার মাঝ বেলায় ঢাকা স্টক একচেঞ্জে লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। মার্জিন লোনের ওপর থেকে কড়াকড়ি তুলে নেওয়ার ব্যাপারে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হয়েছে। এ কারণে বাজারে লেনদেন বাড়বে বলে আগে থেকেই আশা করা হচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 09:23 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনের শুরুতে সাধারণ সূচক খানিকটা পড়ে গেলেও রোববার মাঝ বেলায় ঢাকা স্টক একচেঞ্জে লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। মার্জিন লোনের ওপর থেকে কড়াকড়ি তুলে নেওয়ার ব্যাপারে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হয়েছে। এ কারণে বাজারে লেনদেন বাড়বে বলে আগে থেকেই আশা করা হচ্ছিল। সকালে লেনদেন শুরুর পরপরই সাধারণ সূচকের পতন শুরু হয়। তবে দুপুরের দিকে বাজার খানিকটা ঘুরে দাঁড়ায়। দুপুর সাড়ে ১২টার দিকে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে ২৯৯৪ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছিল। ওই সময় ডিএসআই বা সার্বিক সূচক ছিল ২৫১৮ দশমিক ১৭ পয়েন্টের ঘরে। যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কম। রোববার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৭৯ কোটি টাকার মোট ১ কোটি ২৮ লাখ ৬৩ হাজার ৪৮৭টি শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৮৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১০৬টির কমেছে এবং ১৪টির দাম অপরিবর্তিত ছিল। ওই সময় পর্যন্ত লেনদেনের তালিকায় শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের ২৮৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমে ২৮৭৯ টাকা ৭৫ পয়সায় বিক্রি হচ্ছিল। তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল মেঘনা পেট্রোলিয়াম। এই তেল কোম্পানির শেয়ারের দাম ৩৬৪ টাকা ৪০ পয়সা থেকে কমে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছিল। গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান এর শেয়ার বিক্রি হচ্ছিল ১১৯ টাকা ৭০ পয়সায়। বৃহস্পতিবার এর দাম ছিল ১২৫ টাকা। এছাড়া যমুনা অয়েলের দাম ৩৬৩ টাকা ৯০ পয়সা থেকে ৩৫১ টাকায় নেমে আসে। দুপুর পর্যন্ত আইএফআইসি ব্যাংকের শেয়াররেরও দাম কমেছে। ২৮৪২ টাকা ৫০ পয়সা থেকে কমে হয়েছে ২৮১৮ টাকা। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সামিট পাওয়ার ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দাম কমেছে। বেড়েছে ফারইস্ট লাইফ ইনসুরেন্স, ব্র্যাক ব্যাংক ও পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/জেকে/১৫০৮ ঘ.