২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ এ বাজার মূলধন দ্বিগুণ হওয়ার আশা করছে এসইসি

পুঁজি বাজারে লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন এবছরই বেড়ে দ্বিগুণ হবে বলে আশা করছেন সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান প্রধান ফারুক আহমেদ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজি বাজারে লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন এবছরই বেড়ে দ্বিগুণ হবে বলে আশা করছেন সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান প্রধান ফারুক আহমেদ সিদ্দিকী। বৃহস্পতিবার এসইসির এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, বাজারে অংশগ্রহণকারীদের জন্য এটি হবে একটি চ্যালেঞ্জিং বছর। বাজার মূলধন, সূচকের ক্রমোন্নতি ও লেনদেনের বিচারে ২০০৭ পুঁজিবাজারের জন্য একটি চমৎকার বছর ছিল বলে উল্লেখ করে এসইসি প্রধান বলেন, "পুঁজিবাজারের জন্য এ বছরটিকেও সাফল্যমণ্ডিত করতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে খুব কাছ থেকে বাজার পর্যবেক্ষণ করতে হবে আমাদের।" খুচরা বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, "নিজেদের জমানো সম্পদের সবটুকু শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না; যদি অতিরিক্ত সম্পদ থাকে তাহলে তা নিয়ে পুঁজি বাজারে আসুন।" পিই অনুপাত, লভ্যাংশের মতো বিষয়গুলো ভালোভাবে বিবেচনা করে তারপর বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান ফারুক আহমেদ। এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে যথাসম্ভব কম ঋণ নেওয়ার পরামর্শ দেন তিনি। টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলো এ বছরই শেয়ার বাজারে আসতে পারে জানিয়ে ফারুক আহমেদ বলেন, "মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে আসার ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা আমরা জানাতে পারছি না। তবে তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছি আমরা।" নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন হস্তক্ষেপের ব্যাপারে বিনিয়োগকারীদের সমালোচনার জবাবে তিনি বলেন, "সবাই ভাবে এসইসি হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত জারি করে, যা মোটেই ঠিক নয়।" তিনি বলেন, বাজারের অস্বাভাবিক তারল্য থামাতে গত ৩০ জুলাই আর্থিক সমন্বয় ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করে এসইসি। ফারুক আহমেদ বলেন "গত ১৫ নভেম্বর বাজারে প্রথমবারের মতো শেয়ারের সাধারণ সূচক তিন হাজার পয়েন্ট সীমা অতিক্রম করে। এর পরিপ্রেক্ষিতে আমরা মার্চেন্ট ব্যাংকের মার্জিন লোন অনুপাতের সমন্বয় করে ৭ ডিসেম্বর থেকে মধ্যস্ততাকরী প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়ার অনুমতি দেই।" "এরপর যমুনা ও মেঘনার শেয়ার সরাসরি বাজারে আসায় তারল্য সঙ্কট দেখা দেয়। এ কারণে আমরা আর্থিক সমন্বয় ব্যবস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেই। এছাড়া বাজারের পরিস্থিতি স্বাভাবিক থাকায় মার্জিন লোনের অনুপাতও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।" তিনি বলেন, কোনো সিদ্ধান্তই হঠাৎ নেওয়া হয়নি। অন্তত ছয় মাসের বাজার পর্যালোচনার ভিত্তিতেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২০৪৪ ঘ.