ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) বিধি সম্মতভাবে সম্পন্ন হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসির চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার হওয়া এজিএম যথাযথ নিয়ম মেনে হয়ে থাকলে ব্যাংকিটির শেয়ার লেনদেনের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়া হবে। আর বিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া গেলে ইউসিবিএল এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ''নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের এজিএম হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সভার ভিডিও ফুটেজ এসইসিতে জমা দিতে হয়। রোববার ইউসিবিএল কর্তপক্ষ এজিএমের ভিডিও ফুটেজ ও প্রত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত খবরের কাটিং এসইসিতে জমা দিয়েছে। সেগুলো পরীক্ষা নিরীক্ষার পর আমরা সিদ্ধান্ত নেব।''
তিনি বলেন, শেয়ার হোল্ডারদের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখেই গত বৃহস্পতিবার থেকে ব্যাংকটির শেয়ার লেনদেন স্থগিত রাখা হয়েছে। যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।
এদিকে ইউসিবিএল এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক ও পরিচালক এম এ সবুর রোববার এসইসি'র চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এজিএমের ভিডিও ফুটেজসহ এ সংক্রান্ত কাগজপত্র জমা দেন।
পরে জাহাঙ্গীর আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের শেয়ার লেনদেনের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার জন্য এসইসি চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছি।"
শেয়ার হোল্ডারদের হট্টগোলের কারণে গত বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইউসিবিএল এর এজিএম পণ্ড হয়ে যায়।
তবে ব্যাংকের চেয়ারম্যান পরে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, এজিএম সম্পন্ন হয়েছে। যে তিনটি এজেন্ডা ছিল তার সবগুলোই শেয়ার হোল্ডারদের কণ্ঠভোটে পাশ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এআরএইচ/জেকে/২২২০ ঘ.
bdnews24