২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া থেকে ১৫ লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত

মালয়েশিয়ার সরকারি তেল কোম্পানি থেকে ১৫ লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির শেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ার সরকারি তেল কোম্পানি থেকে ১৫ লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির শেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "খুবই কম প্রিমিয়ামে (পরিবহন খরচ) মালয়েশিয়ার পেট্রোনাস ট্রেডিং করপোরেশনের (পেটকো) কাছ থেকে মোট ১৫ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কেনা হবে। এর মধ্যে ১২ লাখ টন ডিজেল কেনা হচ্ছে ৫ দশমিক ৯৮ মার্কিন ডলার প্রিমিয়ামে। আর দেড় লাখ টন কেরোসিন ও জেড ফুয়েলের প্রিমিয়াম পড়বে ৬ দশমিক ৬ ডলার।" আন্তর্জাতিক বাজার দরে এই তেল কেনা হবে এবং প্রিমিয়াম বাবদ মোট চার হাজার ৮৯৭ কোটি টাকা খরচ হবে বলে উপদেষ্টা জানান। বৈঠকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এক লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, "যদিও দেশে সার্বিক খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক, এরপরও গমের মজুদ বাড়াতে আমদানির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই গম কেনা হবে। এতে প্রতি টন গমের দাম পড়বে ১৭৪ ডলার।" জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে এক বছরে পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদা ৩৫ থেকে ৪০ লাখ টন। ২০০৭-২০০৮ অর্থ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৩৬ লাখ টনের বেশি পেট্রোলিয়াম পণ্য বিক্রি করে। এর মধ্যে ডিজেলের পরিমাণ ছিল প্রায় ২৩ লাখ মেট্রিক টন। ২০০৮-২০০৯ অর্থ বছরে জ্বালানি তেলের সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে প্রায় লাখ মেট্রিক টন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জেকে/২১৩০ ঘ.