২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের চার পরামর্শ

সার্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা বৃদ্ধি, গণতান্ত্রিক পথে উত্তরণ, রপ্তানি পণ্য ও রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ব্যর্থ হলে অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 05:39 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা বৃদ্ধি, গণতান্ত্রিক পথে উত্তরণ, রপ্তানি পণ্য ও রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ব্যর্থ হলে অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে। বুধবার ২০০৭-০৮ সালের এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে 'ইতিবাচক রাজনৈতিক অগ্রগতির কেন্দ্র' অভিহিত করে প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনের মাধ্যমে ইতিবাচক রাজনৈতিক অগ্রগতি হলেই বাংলাদেশ আগামী দশকের শেষদিকে মাঝারি আয়ের দেশে পরিণত হতে পারে। এর পাশাপাশি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করার ব্যাপারেও গুরুত্ব দিতে বলা হয়েছে ওই প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংক বলছে, মাঝারি আয়ের দেশে পরিণত হতে হলে বেসরকারি খাতের জন্য বিদেশি ঋণ সহজলভ্য করতে হবে। অবকাঠামো নির্মাণসহ বড় ও মাঝারি শিল্পে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে বৈদেশিক মুদ্রা লেনদেন 'যৌক্তিক' করতে হবে। প্রতিবেদনে বলা হয়, 'আর্থিক খাতের বিবেচনায় বিশ্ব থেকে বাংলাদেশ কিছুটা বিচ্ছিন্ন। এজন্য বিশ্ব মন্দার আঁচ বাংলাদেশে লাগেনি। তবে বিশ্ব অর্থনীতির আগামী দিনগুলোর যে পূর্বাভাস পাওয়া গেছে তাতে বাংলাদেশের রপ্তানি খাত- বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।' আন্তর্জাতিক বাজার দরের ওঠানামার সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের স্বয়ংক্রিয় পদ্ধতি চালুরও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কৃষক ও গরীবদের জ্বালানি তেলের 'উচ্চ মূল্যের অভিঘাত' থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রতিবেদনে। অদূর ভবিষ্যতে ও মধ্যমেয়াদে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের জন্য বিদ্যুৎ সমস্যাসহ অন্যান্য অবকাঠামো সমস্যা দূর করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটতম/এআরএইচ/জেকে/এসকে/২৩৩০ঘ.