২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে ঢেলে সাজানোর উদ্যোগ

নিত্য পণ্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বাজার মূল্য নিয়ন্ত্রণে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশকে (টিসিবি) নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হচ্ছে; এজন্য শিগগিরই একটি কার্যকরি (ওয়ার্কিং) কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য পণ্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বাজার মূল্য নিয়ন্ত্রণে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশকে (টিসিবি) নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হচ্ছে; এজন্য শিগগিরই একটি কার্যকরি (ওয়ার্কিং) কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে উপদেষ্টা টিসিবিকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কোম্পানিতে রূপান্তরসংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন। সভায় বাণিজ্য সচিব ফিরোজ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় টিসিবিকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ লিমিটেড কোম্পানি অথবা সম্পূর্ণ সরকারি মালিকানাধীন স্বাধীন ব্যবস্থাপনায় পরিচালিত কোম্পানিতে রূপান্তর করা; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ক্রেতার সুবিধার্থে টিসিবির মাধ্যমে ভোজ্য তেল, আটা/ময়দা, চিনি, পেঁয়াজ, ডাল ও গুঁড়োদুধ- এ ছয়টি আইটেম সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে বিক্রির ব্যবস্থা গ্রহণ, এসব কাজ সম্পাদনে একটি 'ওয়ার্কিং গ্র"প' গঠন ও একটি কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে হোসেন জিল্লুর জানান, টিসিবিকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি কোম্পানি অথবা সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় স্বাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। এতে প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে বাজার মূল্য নিয়ন্ত্রণ এবং বাজারভিত্তিক তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার কাজ করতে পারবে। আর এটি বাস্তবায়নের জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। টিসিবি'র বর্তমান আইনি কাঠামো পুরো বদলে ফেলে বিটিসিএল বা বিমানের মতো নতুনভাবে তৈরির পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, "বর্তমানে বিভিন্ন পণ্যের মূল্য কমলেও টিসিবিকে কার্যকর করার প্রয়োজনীয়তা অনুভুত হচ্ছে। কারণ বাজারে চালের মূল্য কমলেও ছয়টি গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের (ভোজ্য তেল, আটা ও ময়দা, ডাল, পেঁয়াজ, চিনি ও গুঁড়োদুধ) বাজার এখনো অনেকটাই অস্থিতিশীল রয়েছে। এ অবস্থায় টিসিবির মাধ্যমে এসব পণ্য আমদানি করে তা বাজারে ছাড়া সম্ভব হলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে। এ কারণে টিসিবিকে নতুন আঙ্গিকে গড়ে তোলার একটি উদ্যোগ নেয়া হয়েছে।" উপদেষ্টা জানান, গত দুবছরে নিত্যপণ্যের দাম অনেক বেড়ে যায়। এ সময় টিসিবিকে ব্যবহার করে বাজার মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। ভোজ্যতেল আমদানির ক্ষেত্রে টিসিবিকে দায়িত্ব দিলেও তারা আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্ধারিত সময়ে তা করতে পারেনি। তিনি আরো জানান, টিসিবির চারটি আঞ্চলিক কার্যালয়সহ নিজস্ব ভবন, চট্টগ্রামে ৪০ একর জমি ও ২৩৫জন কর্মকর্তা-কর্মচারি রয়েছে। এসব জনবল ও সম্পদ কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে কার্যকর করা সম্ভব। প্রয়োজনে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এতে আরো জনবল বাড়ানো যেতে পারে। ভোজ্যতেলের চাহিদা মেটাতে টিসিবির অধীনে চট্টগ্রামে একটি নিজস্ব পরিশোধনাগার গড়ে তোলার প্রস্তাবের কথা জানিয়ে তিনি বলেন, "ইতোমধ্যে টিসিবি একটি প্রস্তাব দিয়েছে যার মাধ্যমে কাঁচামাল আমদানি করে দেশের ভোজ্যতেলের চাহিদা মেটানো সম্ভব। তবে বর্তমান সরকারের হাতে সময় না থাকায় প্রস্তাবটি বিবেচনা করা যায়নি। পরবর্তী সরকার এসে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে পারবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২০৫৮ ঘ.