২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি কোম্পানির কাছে রূপালী ব্যাংক বিক্রির প্রস্তাব নাকচ

বেসরকারি খাতে হস্তান্তরের জন্য রূপালী ব্যাংককে একটি জাপানি কোম্পানির কাছে বিক্রির প্রস্তাব নাকচ করে দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 05:34 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে হস্তান্তরের জন্য রূপালী ব্যাংককে একটি জাপানি কোম্পানির কাছে বিক্রির প্রস্তাব নাকচ করে দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মঙ্গলবার কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম জানান, জাপানি ওই প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা ও অভিজ্ঞতা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরকার সৌদি যুবরাজ বন্দর বিন সুলতান বিন আব্দুল আজিজের কাছে রূপালী ব্যাংক বিক্রি করতে রাজি হলেও পরে ওই প্রস্তাব বাতিল করে। কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, এই মুহূর্তে বেসরকারিকরণ কমিশনের হাতে তেমন কাজ না থাকায় তাদের কাজের যোগান দিতে একজন যুগ্ম-সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করে বেসরকারি করার মতো প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আগামী ৩১ মার্চের মধ্যে সরকারের কাছে একটি প্রস্তাব উপস্থাপন করবে। বৈঠকে অনুমোদন দেওয়া অন্য প্রস্তাবগুলো হলো- রাষ্ট্রায়ত্ত্ব জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের সরাসরি চুক্তির মাধ্যমে সংস্থা থেকে সংস্থা পর্যায়ে জ্বালানি তেল আমদানি, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) থেকে খাদ্য মন্ত্রণালয়ের জন্য এক কোটি ৫০ লাখ খালি বস্তা কেনা, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের অর্থনৈতিক শাখার জন্য দরপত্র ছাড়া ও একটি গাড়ি কেনার প্রস্তাব। মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে খাদ্য ও স্বাস্থ্য উপদেষ্টা শওকত আলী এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/২৩২০ ঘ.