আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার এবং উন্নয়ন কাজের সহায়ক হিসেবে ভবিষতের জন্য একটি স্থায়ী নিখুঁত ত্র"টিমুক্ত ভোটার তালিকা নিশ্চিত করতে ২০৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
সোমবার তত্ত্বাবধায়ক সরকারের একেবারে শেষ সময়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ)
প্রকল্পের আওতায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় করা বহুল আলোচিত ছবিযুক্ত ভোটার তালিকা স্থায়ীভাবে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, নিয়মিত হালনাগাদ এবং দেশব্যাপী এ সব তথ্য কেন্দ্রীয়ভাবে সমন্বয় ও রক্ষণাবেক্ষণের সুযোগ সৃষ্টির লক্ষে সারা দেশে মোট ৫০২টি সার্ভার ষ্টেশন ভবন নির্মাণ করা হবে।
এর মধ্যে দেশের ৪৮১টি উপজেলার প্রত্যেকটিতে একটি করে সার্ভার ষ্টেশন, ১৬টি থানা সার্ভার স্টেশন (সিটি করপোরেশন এলাকায়) এবং পাঁচটি আঞ্চলিক সার্ভার স্টেশন (ঢাকা ছাড়া অন্য পাঁচটি বিভাগীয় শহরে) ভবন নির্মাণ করা হবে।
এই প্রকল্পের কাজ শেষ হবে ২০১০ সালের অক্টোবরে।
মোট ২০৮ কোটি টাকা ব্যয়ে 'কনস্ট্রাকশন অব উপজেলা অ্যান্ড রিজিওনাল সার্ভার স্টেশন ফর ইলেক্টোরাল ডেটা বেজ প্রকল্প' নামের এই প্রকল্প সাহায্য হচ্ছে ৯৬ কোটি ৫৭ লাখ টাকা। ইউএনডিপি'র মাধ্যমে ডিএফআইডি ও নেদারল্যান্ড সরকার এ সহায়তা দেবে।
প্রকল্পটি অনুমোদনের পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মিজ্জা আজিজুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের যে উদ্যোগ নিয়েছিল, এ প্রকল্পটি সে পরিকল্পনারই একটি অংশ। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যতের জন্য একটি ত্র"টিমুক্ত ভোটার তালিকা সংরক্ষণ করা যাবে।"
"এর ফলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার হবে যার ফলশ্র"তিতে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে"-মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, "আমরা (তত্ত্বাবধায়ক সরকার) যে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করেছি তাকে ভিত্তি ধরে ভবিষ্যতে ভোটার তালিকা সংযোজন-বিয়োজন করলেই হয়ে যাবে। অর্থাৎ যারা নতুন ভোটার হবেন তাদের তৈরি করা ভোটার তালিকায় সংযোজন করা হবে। আর যারা মারা যাবেন তাদের তালিকা থেকে বাদ দিয়ে হালনাগাদ করা হবে।"
প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, দেশব্যাপী ছবিযুক্ত ভোটার তালিকাসংক্রান্ত যেসব তথ্য সংগ্রহ করা হয়েছে, সেগুলো স্থায়ীভাবে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিয়মিত হালনাগাদ করার জন্য দেশের সব উপজেলা/থানা/জেলা/বিভাগ পর্যায়ে অবকাঠামো নির্মাণ এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
প্রকল্পটি চলতি ২০০৮-০৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অননুমোদিত প্রকল্প হিসেবে বরাদ্দবিহীনভাবে অন্তর্ভুক্ত আছে। নির্বাচন কমিশন সচিবালয়ের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের আওতায় যে ৫০২টি সার্ভার স্টেশন ভবন নির্মাণ করা হবে তার মধ্যে ৩১৬টির জন্য জমি বরাদ্দ আছে। বাকি ১৮৬টি সার্ভার স্টেশন ভবন নির্মাণের জন্য জমি কিনতে হবে।
দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুনর্গঠিত নির্বাচন কমিশন ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির উদ্যোগ নেয়। চলতি বছরের অক্টোবর মাসে কাজটি সফলভাবে শেষ হয়েছে। ছবিযুক্ত ভোটার তালিকা স্থায়ীভাবে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও নিয়মিত হালনাগাদ করতে দেশের সব উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের জন্য স্থায়ী ও সুরক্ষিত অবকাঠামো প্রয়োজন। এছাড়া নিবন্ধন ফরম, যন্ত্রপাতি ও অন্যান্য নির্বাচনী মালামাল সংরক্ষণের জন্য এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় ও জনসেবা দিতেও সুপরিসর স্থান দরকার।
বর্তমানে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়কে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। উপজেলা নির্বাচনের পর তা আর ব্যবহারের কোনো সুযোগ থাকবে না। এ কারণে প্রকল্পটি বাস্তবায়ন খুবই প্রয়োজন বলে কার্যপত্রে উল্লখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এআরএইচ/এসকে/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24