২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিল প্রকল্পের ব্যয় ৪২০ কোটি টাকা বাড়লো

জমি অধিগ্রহণে বাড়তি অর্থ প্রয়োজন হওয়ায় বেগুনবাড়ি-হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় এক হাজার ৯০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ কারণে চলতি ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খাতওয়ারি বরাদ্দও সংশোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 05:35 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি অধিগ্রহণে বাড়তি অর্থ প্রয়োজন হওয়ায় বেগুনবাড়ি-হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় এক হাজার ৯০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ কারণে চলতি ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খাতওয়ারি বরাদ্দও সংশোধন করা হয়েছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, জমি অধিগ্রহণ খাতে ব্যয় বাড়ায় প্রকল্পের ব্যয় বেড়েছে। মূল এডিপিতে এ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছিল এক হাজার ৪৭৩ কোটি ৫৯ লাখ টাকা। সংশোধিত প্রকল্পে তা ৪২০ কোটি টাকা বেড়ে হয়েছে এক হাজার ৮৯৩ কোটি ৫৯ লাখ টাকা। অর্থ উপদেষ্টা বলেন, "সাধারণত কোনো প্রকল্প অনুমোদনের জন্য একনেকের (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বৈঠকের অনুমোদন নিতে হয়। কিন্তু এডিপি'র খাতওয়ারি বরাদ্দ সংশোধন করতে হলে এনইসি'র অনুমোদন লাগে। হাতিরঝিল উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য অতিরিক্ত অর্থ সংস্থানের প্রয়োজন হয়েছে বলে এনইসি বৈঠকের অনুমোদন নিতে হয়েছে।" প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খালের মধ্যে নির্মিত বিজিএমইএ ভবন সত্যিই ভাঙা হবে কি না- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" ইতিপূর্বে একাধিক উপদেষ্টা প্রয়োজনে অবশ্যই 'অবৈধভাবে নির্মিত' এ ভবন ভাঙা হবে বলে জোর দিয়ে ঘোষণা করেছেন। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর বিজিএমইএ ভবন, এফবিসিসিআইসহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নামে বরাদ্দ জমির কারণে এ প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে কি না- এমন প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ বলেন, "আমার মনে হয়, সে ধরনের কিছু ঘটবে না। রাজধানীর উন্নয়ন সবাই চায়। যে সরকারই ক্ষমতায় আসুক, গুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে না।" তবে কোনো সরকার যদি মনে করে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন নেই, তাহলে তারা প্রকল্প বাতিল করতে পারে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এনইসি বৈঠকে উপস্থাপিত 'বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন' প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বেসরকারি খাত থেকে আরও প্রায় ৩৫ একর জমি অধিগ্রহণ করতে হবে। এ কারণে জমি অধিগ্রহণ খাতে অতিরিক্ত ৪২০ কোটি টাকার প্রয়োজন হবে।' এ প্রকল্পের বরাদ্দ বাড়াতে সরকারকে মূল এডিপি'র চারটি খাতের বরাদ্দ কাটছাঁট করতে হবে। মূল এডিপিতে বিদ্যুৎ খাতে বরাদ্দ ছিল তিন হাজার ৫০২ কোটি ৯৪ লাখ টাকা। সংশোধিত এডিপিতে তা কমে হয়েছে তিন হাজার ২২২ কোটি ৯৪ লাখ টাকা। তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে বরাদ্দ ৮০৭ কোটি ২৩ লাখ টাকা থেকে কমিয়ে ৭৩২ কোটি ২৩ লাখ টাকা করা হয়েছে। পরিবহন খাতে বরাদ্দ ছিল তিন হাজার ৪৫০ কোটি ৩৯ লাখ টাকা। সংশোধিত এডিপিতে তা কমে হয়েছে তিন হাজার ৪৪৫ কোটি ৩৯ লাখ টাকা। অবশ্য ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে সংশোধিত এডিপিতে। দুই হাজার ২১৮ কোটি ৬৫ লাখ টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে দুই হাজার ৫৭৮ কোটি ৬৫ লাখ টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেগুনবাড়ী-হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ২৪৫ একর জমি অধিগ্রহণ করা হবে। প্রকল্পের আওতায় হাতিরঝিলের চারদিকে সড়ক, দুটি ওভারপাস ও হাঁটার পথ নির্মাণের মাধ্যমে পুরো এলাকাটিকে নয়নাভিরাম বিনোদন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে। একনেকে ১৩ প্রকল্প অনুমোদন এনইসি'র বৈঠকের পর সোমবার একনেকের সভা হয়। সভায় প্রায় দুই হাজার ৭৯৫ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলো হলো- নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিটিসি'র ৬টি রো রো ফেরি, ২টি কে-টাইপ ফেরি এবং ৬টি পন্টুন পুনর্বাসনে ৭৪ কোটি টাকার প্রকল্প; মাওয়া রুটে ২টি রো রো ফেরি ও ২টি রো রো পন্টুন চালুর জন্য ১১২ কোটি টাকার প্রকল্প; ১৬১ কোটি টাকার 'বাংলাদেশ ওয়াটার সাপ্লাই প্রজেক্ট'; ৮১ কোটি টাকার 'নারায়ণগঞ্জ টাউন' প্রকল্প; ৩৬০টি উপজেলায় বেসরকারি মডেল বিদ্যালয় নির্মাণে ৪৬৬ কোটি টাকার প্রকল্প; ১২১ কোটি টাকায় 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প'; ৯৬ কোটি টাকার 'পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প'; ৯৫ কোটি টাকার 'শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় (বরিশাল) প্রকল্প'; উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদানে (৪র্থ পর্যায়) ২০১ কোটি টাকার প্রকল্প; বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন নির্মাণে ৮৯৫ কোটি টাকার প্রকল্প; ১৬৫ কোটি টাকার 'আহ্ছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নির্মাণ' প্রকল্প; ১২০ কোটি টাকার 'আদমশুমারী ও গৃহ গণনা প্রকল্প' এবং ২০৮ কোটি টাকা ব্যয়ে 'নির্বাচন কমিশন সচিবালয়ের রিজিওনাল সার্ভার স্টেশন ফর ইলেক্টোরাল ডেটা বেজ প্রকল্প'। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, আগামী ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনের আগে একনেকের আরেকটি বৈঠক হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/২৩২৭ঘ.