ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আদালতের স্থগিতাদেশ নিয়ে যে সব ঋণ খেলাপি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন নির্বাচন কমিশন তাদের ঠেকাতে চাইলে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (এফআইএমএ) মিলানায়তনে ২৭তম বিসিএস-এর অডিট ও অ্যাকাউন্ট ক্যাডারের নতুন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
'আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে অংশ নেওয়া ঋণখেলাপিরা নিরাপদ নয়'- প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামছুল হুদার মঙ্গলবারের এ মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া চাইলে উপদেষ্টা বলেন, "আদালতের স্থগিতাদেশ নিয়ে যেসব ঋণখেলাপি নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের প্রার্থিতা বাতিল বা অন্য যে কোনো ব্যাপারে নির্বাচন কমিশন কোনো সুপারিশ পাঠালে সরকার তা বাস্তবায়নের ব্যাপারে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তবে পুরো বিষয়টি নির্বাচন কমিশনের নিজস্ব বিষয়। কমিশন চাইলে সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে যেসব ঋণখেলাপি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে প্রার্থীর বিরুদ্ধে আদালতের রায় পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করবে কমিশন। এমনকি কোনো প্রার্থী বিজয়ী হয়ে সংসদ সদস্য হলে তার সদস্যপদ বাতিলের জন্যও আইন অনুযায়ী স্পিকারের কাছে সুপারিশ করা হবে।'
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এবার মোট ৪৬ জন ঋণখেলাপি প্রার্থী উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি ধীর কেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, "সব সরকারের সময়ই অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এডিপি বাস্তবায়ন কম হয়। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। নির্বাচিত সরকারের জন্য এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের কোনো সমস্যা হবে না। কেননা, আমরা (তত্ত্বাবধায়ক সরকার) অস্বাভাবিক কোনো ঋণ নিইনি। রাজস্ব আদায় পরিস্থিতিও বেশ ভালো।"
পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০০৮-০৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এডিপি বাস্তবায়নের হার হচ্ছে ১৩ শতাংশ।
এর আগে প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা নতুন কর্মকর্তাদের তাদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করে দেন। তিনি বলেন, "আমাদের সরকারি কর্মকর্তাদের জনসম্পৃক্ততা কম। তাদের মনে রাখতে হবে তারা প্রজাতন্ত্রের কর্মচারি। দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করাই তাদের প্রধান কাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দলীয় সরকারের সময় রাজনৈতিক নেতাদের 'গুড বুকে' থাকার জন্য অনেক কর্মকর্তা দায়িত্ব ঠিকমতো পালন করেন না।
এফআইএমএ আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থ সচিব মোহাম্মদ তারেক, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম, এফআইএমএ মহাপরিচালক দেলোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসকে/১৯০১ঘ.
bdnews24