২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব অর্থনীতির মন্দায় এবার চামড়ার দাম অর্ধেকের বেশি কমেছে

বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের কারণে গত বছরের তুলনায় এবছর কোরবানির পশুর চামড়ার দাম অর্ধেকে নেমে এসেছে। চামড়া আমদানিকারক দেশগুলো থেকে এবার রপ্তানি অর্ডার কম থাকায় চামড়ার দাম কমেছে বলে দাবি করেছেন চামড়া ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের কারণে গত বছরের তুলনায় এবছর কোরবানির পশুর চামড়ার দাম অর্ধেকে নেমে এসেছে। চামড়া আমদানিকারক দেশগুলো থেকে এবার রপ্তানি অর্ডার কম থাকায় চামড়ার দাম কমেছে বলে দাবি করেছেন চামড়া ব্যবসায়ীরা। বাংলাদেশ ফিনিশড্ লেদার অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সদস্য ঢাকা ট্যানারির মালিক জয়নাল আবেদীন ভুঁইয়া খোকন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদেশি ক্রেতাদের কাছ থেকে লেদার গুডস্ (চামড়াজাত পণ্য) এর অর্ডার মোটামুটি থাকলেও, কাঁচা চামড়ার অর্ডার নেই বললেই চলে। এ কারণেই এবার চামড়ার দাম গতবারের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। বিশ্ব অর্থনীতির সঙ্কটের কারণে এবার অর্ডার কমেছে।" জয়নাল আবেদীন খোকন খোকন জানান, গত কোরবানিতে গরুর চামড়া (২০ ফিট) ১৩০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হয়েছে। এবার সেই চামড়া বিক্রি হয়েছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। অন্যদিকে গতবার খাসির চামড়া ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও এবার তা ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছে। ঈদের আগে সরকার ও ট্যানারি মালিকরা প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম রাজধানীর জন্য ৩০ টাকা ও ঢাকার বাইরের জন্য ২৫ টাকা নির্ধারণ করে। গত কোরবানির ঈদে ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৭০ টাকা ও ঢাকার বাইরের জন্য ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছিল বলে জানান জয়নাল আবেদীন। তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারের অবস্থা খারাপ দেখেই এবার আমরা চামড়ার দাম কম নির্ধারণ করেছিলাম। আর এ কারণেই সারাদেশের ব্যবসায়ীরা গতবারের চেয়ে কম দামে চামড়া কিনেছেন।" বাংলাদেশ ফিনিশড্ লেদার অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম আনসারী জানান, গত কোরবানীর ঈদে চামড়া ব্যবসায়ীরা চামড়া কিনে লোকসান করেছিলেন, ক্রেতারা অর্ডার দিয়েও পরে চামড়া নেয়নি, এ কারণে এবার চামড়া কেনার ক্ষেত্রে সতর্ক থেকেছেন। জয়নাল আবেদীন জানান, নির্বাচন সামনে থাকায় এবার পশু কোরবানির পরিমান গতবারের চেয়ে বেশি হয়েছে। দেশের মোট চাহিদার প্রায় ৫০ শতাংশ চামড়া কোরবানির ঈদে সংগ্রহ করা হয়। গত কোরবানির ঈদে ২৮ লাখ পিস গরুর চামড়া সংগ্রহ করা হয়। এবার প্রায় ৩০ লাখ পিস সংগ্রহ করা হতে পারে। এবার চামড়া কেনার জন্য ব্যাংকগুলো তেমন সহযোগিতা করেনি অভিযোগ করে খোকন বলেন, "গতবার ব্যাংকগুলো চামড়া কেনার জন্য যে পরিমাণ ঋণ দিয়েছিল এবার তার থেকে অনেক কম ঋণ দিয়েছে। এছাড়া ঈদের ছুটির আগের দিন ব্যাংকগুলো ট্যানারি মালিকদের ঋণ দেওয়ায় মালিকরা ভালভাবে পরিকল্পনা করে চামড়া কিনতে পারেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/জিএনএ/১৯২৫ ঘ.