ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মালিকানাধীন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) সরকারের কোষাগারে লভ্যাংশ হিসেবে চার কোটি টাকা দিয়েছে।
রোববার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে আইডিসিওএল-এর পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব (ইআরডি) মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের হাতে লভ্যাংশের অর্থ তুলে দেন।
গত ২০০৭-০৮ অর্থবছরে প্রতিষ্ঠানটি যে মুনাফা করেছে তার লভ্যাংশের অংশ হিসেবে এই চার কোটি টাকার চেক দেয়া হয়।
এ সময় আইডিসিওএলের প্রধান নির্বাহি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "আইডিসিওএল গত ২০০৭-০৮ অর্থ বছরে ১৪ কোটি টাকা নিট মুনাফা করেছে। সেই নিট মুনাফার লভ্যাংশ হিসেবে চার কোটি টাকা সরকারের তহবিলে জমা দেয়া হল।"
অনুষ্ঠানে অর্থ সচিব মোহাম্মদ তারেক, ইআরডির অতিরিক্ত সচিব ও আইডিসিওএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন ভূইয়াসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতে বিনিয়োগ করে আইডিসিওএল। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন দাতাসংস্থা ও বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানে অর্থায়ন করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/জিএনএ/১৬৪৪ ঘ.
bdnews24