ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ও আর্থিক খাতে গত দুই বছরে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে আগামী নির্বাচিত সরকারকে পরামর্শ দিয়েছে উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে এক বৈঠকের পর সফররত এডিবি'র দক্ষিণ এশীয় অঞ্চলের মহাপরিচালক (ডিজি) কুনিও সেনগা সাংবাদিকদের এ কথা জানান।
এছাড়া বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লে তা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ঋণ-সহায়তারও আশ্বাস দিয়ে তিনি বলেন, "গত দুই বছরে এডিবি বাংলাদেশকে ২০০ কোটি ডলারের বেশি ঋণ-সহায়তা দিয়েছে। এর মধ্যে অর্ধেক অর্থ ইতিমধ্যে ছাড় করা হয়েছে। বাকিটা পাইপলাইনে আছে। ভবিষ্যতেও এডিবি'র এ সহায়তা অব্যাহত থাকবে।"
এডিবি মহাপরিচালক বলেন, "বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গত দুই বছরে তত্ত্বাবধায়ক সরকার ব্যাংক ও আর্থিক খাতে বেশ কিছু সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে এসব সংস্কার কর্মসূচির সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ। এমনকি বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট সত্ত্বেও দেশটির অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে।"
সরকার সব কিছুই 'ভালোভাবে ম্যানেজ করেছে' বলে মন্তব্য করেন সেনগা। তিনি বলেন, "ছয় শতাংশের ওপরে জিডিপি প্রবৃদ্ধি খুবই ভালো।"
ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির এ ইতিবাচক ধারা অব্যাহত রাখতে নির্বাচিত নতুন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার পরামর্শ দেন কুনিও সেনগা।
এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "এডিবি মহাপরিচালক গত দুই বছরে অর্থনৈতিক ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আমরা (বাংলাদেশ) ঠিক পথেই এগুচ্ছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ আরও উন্নতি করবে। ব্যক্তিগতভাবে আমিও মনে করি ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে পারলে আমাদের অর্থনীতির জন্য ভালো হবে।"
উপদেষ্টা বলেন, অর্থনৈতিক ইস্যুতে এ দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই এডিবি মহাপরিচালককে একথা জানিয়ে তিনি সংস্কার কার্যক্রম তারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, "এডিবি মহাপরিচালক ঋণ-সহায়তা কার্যক্রম আরো স
bdnews24