ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ খেলাপিরা যেন কোনও অবস্থায় নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য ব্যাংকগুলোকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের একজন নাগরিক হিসেবে আমি চাই, কোনও ঋণ খেলাপি যেন এবার নির্বাচনে প্রার্থী হতে না পারে।
বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কাতারের রাজধানী দোহায় 'ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট' শীর্ষক সম্মেলন শেষে সকালেই দেশে ফেরেন অর্থ উপদেষ্টা।
মির্জ্জা আজিজুল বলেন, "পরিবর্তিত পরিস্থিতিতে এবার জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। আমরা (সরকার) আশা করছি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এ জন্য ঋণ খেলাপিরা যাতে আগের মতো আইনের ফাঁক-ফোকর দিয়ে কোনোভাবেই প্রার্থী হতে না পারে সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে।"
এ জন্য কেন্দ্রীয় ব্যাংকসহ সব ব্যাংককে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। যে সব ঋণ খেলাপি আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তারা যদি আসলেই খেলাপি হয়ে থাকেন- তাহলে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে দ্রুত আপিল করতেও কেন্দ্রীয় ব্যাংক ও অন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, "এরপরও কোনও ঋণ খেলাপি যদি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পায়, তাহলে দুঃখ প্রকাশ করা ছাড়া আমার (অর্থ উপদেষ্টা) বা সরকারের কিছুই করার থাকবে না। কেননা, বিচার বিভাগের ওপর কারোরই কিছু করার নেই।"
তিনি বলেন, "আমরা (সরকার) চাচ্ছি, একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে। আশা করি, সবাই আমাদের এ কাজে সহযোগিতা করবেন।"
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের পাঠানো তালিকা অনুযায়ী মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে বুধবার বিকাল পর্যন্ত ৮৮ জনের খেলাপি ঋণের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর দায়িত্বে নিয়োজিত খন্দকার মাজহারুল হক এক সংবাদ স
bdnews24