২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব অর্থনীতির সঙ্কট তৈরি পোশাক শিল্পে প্রভাব ফেলবে না: অর্থনীতি সমিতি

বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। তবে সঙ্কটের মাত্রা আরো ব্যাপক হলে বাংলাদেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে সমিতির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 05:08 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। তবে সঙ্কটের মাত্রা আরো ব্যাপক হলে বাংলাদেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে সমিতির। রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে শনিবার 'বিশ্ব আর্থিক ব্যবস্থার ধস ও প্রকট মন্দার পদধ্বনি: সংকট উত্তরণে রাষ্ট্রীয় হস্তক্ষেপ এবং বাংলাদেশের জন্য শিক্ষণীয়' শীর্ষক মতমিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ, "বৈশ্বিক মন্দার কারণে দেশে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। উল্টো এ সুযোগে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পাবে। কারণ, বাংলাদেশ স্বল্প আয়ের লোকদের জন্য পোশাক তৈরি করে। চলমান মন্দার কারণে উন্নত বিশ্বে স্বল্প আয়ের মানুষের পরিমাণ বাড়বে।" তবে সঙ্কট গভীর হলে রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিশ্ব অর্থনীতির সঙ্কটের কারণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি (মোট দেশজ উৎপাদন) ৪ দশমিক ৮ শতাংশে নেমে আসবে বলে বিশ্বব্যাংক যে আভাস দিয়েছে তার সমালাচনা করে খলীকুজ্জমান আহমদ বলেন, "ওই পূর্বাভাসের কোনো ভিত্তি নেই। আমাদের প্রবৃদ্ধি কতো হবে তা আমাদের চেয়ে তাদের (বিশ্বব্যাংক) বেশি জানার কথা নয়।" সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারকাত বলেন, "অনেকে বলছেন বৈশ্বিক মন্দা আমাদের তৈরি পোশাক রপ্তানি কমিয়ে দেবে। কিন্তু বাংলাদেশ স্বল্প আয়ের লোকদের জন্য পোশাক তৈরি করে বলে রপ্তানি কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।" ইরাক যুদ্ধের কারণেই যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটের কবলে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। মতমিনিময় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিন আহমেদ, সৈয়দ জামাল উদ্দিন, সেলিনা রহমান প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২২৫৭ ঘ.