২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"বিশ্ব অর্থনীতির সঙ্কটের প্রভাব পোশাক শিল্পে পড়বে না"

বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন এ শিল্পের সঙ্গে জড়িত রপ্তানিকারক ও ব্যাংকাররা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে বিশ্ব অর্থনীতির মন্দাবস্থা নিয়ে এক মতবিনিময় সভায় তারা এ আশাবাদ ব্যক্ত করে বলেন, ভয়ের কোনো কারণ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন এ শিল্পের সঙ্গে জড়িত রপ্তানিকারক ও ব্যাংকাররা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে বিশ্ব অর্থনীতির মন্দাবস্থা নিয়ে এক মতবিনিময় সভায় তারা এ আশাবাদ ব্যক্ত করে বলেন, ভয়ের কোনো কারণ নেই। এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু বড় ক্রেতা 'বড়দিনের' বেশ কিছু অর্ডার (রপ্তানি আদেশ) পিছিয়ে দেওয়ায় অনেক রপ্তানিকারক ও ব্যাংক আতঙ্কিত হয়ে পড়েছে। কিন্তু ভয়ের কিছু নেই। বাংলাদেশের দামে অন্য কোনো দেশ পণ্য দিতে পারবে না। এছাড়া আমাদের পোশাকের মানও যে কোনো দেশের চেয়ে ভালো। রপ্তানিকারকরা বলেন, আগামী ২/৩ মাস অর্ডারের একটু হেরফের হতে পারে। কিন্তু এর পর থেকে এ খাতে আগের মতোই প্রবৃদ্ধি হবে। মতবিনিময় সভায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, "যে সমস্যা দেখা দিয়েছে তা শুধু বাংলাদেশে নয়। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, কোনো বায়ার বা দেশ ভালোবেসে আমাদের পণ্য কেনে না। আমাদের পণ্যের মান ভালো, দামও তুলনামূলকভাবে যে কোনো দেশের চেয়ে কম। এ সব কারণে আমাদের পোশাক ছাড়া তাদের উপায় নেই।" মঞ্জুর এলাহী বলেন, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন গার্মেন্টস খাত থেকে বিনিয়োগ ধীরে ধীরে কমিয়ে দিয়ে তথ্য প্রযুক্তি খাতে মনোযোগ দিচ্ছে। আর ভারতে যে সব কারখানা গড়ে উঠছে-সেগুলো বাংলাদেশের মতো এত বড় বড় নয়। মঞ্জুর এলাহী বলেন, ব্যাংকগুলোর মোটা অঙ্কের বিনিয়োগ হয় তৈরি পোশাক খাত খাতে। এ কারণে এ খাতের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য ব্যাংকগুলোকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, "প্রতি বছর 'বড়দিনে' আমরা (রপ্তানিকারক) বেশি অর্ডার পেয়ে থাকি। ৪/৫ মাস আগে থেকেই এ অর্ডার পাওয়া য়ায়। এবারও রপ্তানিকারকরা অর্ডার পেয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় ক্রেতারা 'বড়দিনের' বেশ কিছু অর্ডার (রপ্তানি আদেশ) পিছিয়ে দেওয়ায় অনেক রপ্তানিকারক ও ব্যাংক আতঙ্কিত হয়ে পড়েছে। কিন্তু ভয়ের কিছু নেই। তারা কোনো অর্ডারই বাতিল করেনি। একটু পিছিয়ে দিয়েছে মাত্র।" রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান বলেন, "ব্যাংকগুলোর স্বার্থেই পোশাক শিল্প খাতকে বাঁচিয়ে রাখতে হবে। বিশ্ব অর্থনীতির মন্দাবস্থার প্রভাব যাতে এ খাতে না পরে-সেজন্য সরকার, রপ্তানিকারক, ব্যাংক সবাইকে সম্মিলিতভাবে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান নজরুল ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু মূসা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৮১২ঘ.