২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৪ হাজার ফ্ল্যাট তৈরি করবে সরকার

রাজধানীর আবাসন সমস্যা কমাতে মহাখালী ও মীরপুর এলাকায় ৪ হাজার ২৫৬টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। অংশীদারিত্বের ভিত্তিতে সরকার ও বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান ফ্ল্যাটগুলো নির্মাণ করবে। এতে ব্যয় হবে ৩ হাজার ৩২৪ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আবাসন সমস্যা কমাতে মহাখালী ও মীরপুর এলাকায় ৪ হাজার ২৫৬টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। অংশীদারিত্বের ভিত্তিতে সরকার ও বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান ফ্ল্যাটগুলো নির্মাণ করবে। এতে ব্যয় হবে ৩ হাজার ৩২৪ কোটি টাকা। সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পসহ মোট আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, "ঢাকা শহরের আবাসিক সঙ্কট নিরসন, আধুনিক নগর সুযোগ-সুবিধা প্রদান এবং পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন আয়তনের এ ফ্ল্যাট গুলো নির্মাণ করা হবে।" 'ঢাকা শহরের মহাখালী ও মীরপুরে ৪২৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ'-শীর্ষক ওই প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, সংশোধিত জাতীয় গৃহায়ন নীতি ২০০৩ এর আলোকে ফ্ল্যাটগুলো নির্মাণ করা হবে। অনুমোদিত প্রকল্প অনুয়ায়ী, ২০০৯ সালের জানুয়ারি মাসে প্রকল্পের কাজ শুরু হয়ে তা শেষ হবে ২০১১ সালের ডিসেম্বরে। প্রকল্পের মোট ব্যয়ের ১ হাজার ৩০৩ কোটি ৯৫ লাখ টাকা বহন করবে সরকার। বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানগুলোর ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০ কোটি ২৪ লাখ টাকা। প্রকল্পের আওতায় ৩৮টি ১৭ তলা ভবন নির্মাণ করা হবে। এগুলোর ফ্ল্যাটের আয়তন হবে ২০০০, ১৭০০, ১৪০০ ও ১২০০ বর্গফুট। মধ্য ও নিম্ন আয়ের সরকারি কর্মকর্তাদের জন্য মাঝারি আকারের ফ্ল্যাট বাসা নির্মাণ করা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য বলে কার্যপত্রে উল্লেখ করা হয়। নির্মিত ফ্ল্যাটগুলোর সরকারি অংশ কর্মকর্তাদের কাছে অংশীদারিত্বের ভিত্তিতে ভাড়ার ভিত্তিতে পর্যায়ক্রমে বিক্রি করা হবে। আর নির্মাণ প্রতিষ্ঠানগুলোর অংশের ফ্ল্যাট একটি বিধির আওতায় অভিজাত ও আগ্রহী আবেদনকারীদের মধ্যে বিক্রি করা হবে। সরকারি কর্মকর্তাদের বরাদ্দ পাওয়ার প্রথম পাঁচ বছরের মধ্যে ফ্ল্যাটের মোট মূল্যের ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। অবশিষ্ট ৭৫ শতাংশ সুদবিহীন মাসিক কিস্তিতে ২০ বছরে পরিশোধ করতে হবে। এই বহুতল ভবনগুলো মহাখালী এলাকায় ৪২ দশমিক ৩৭ একর এবং মীরপুর সেকশন-৬ এর ৭ দশমিক ১৮ একর জমির ওপর নির্মিত হবে। মহাখালীতে ৩০টি ভবনে ফ্ল্যাট হবে ৩ হাজার ৩৬০ টি এবং মীরপুরে ৮টি ভবনে হবে ৮৯৬টি ফ্ল্যাট। প্রকল্পের জন্য জমির দাম ধরা হয়েছে মহাখালী এলাকার জন্য কাঠা প্রতি ৫০ লাখ এবং মীরপুর এলাকায় পাঁচ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/১৮১৮ঘ.