২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএও'র মহাপরিচালকের সঙ্গে সিএস করিমের সাক্ষাৎ

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. জ্যাক দিউফের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষি উপদেষ্টা সি এস করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

রোম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. জ্যাক দিউফের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষি উপদেষ্টা সি এস করিম। এফএও'র ৩৫ তম (বিশেষ) সম্মেলনে শুক্রবার এ সাক্ষাৎ হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্মেলনে সিএস করিম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় কৃষি উপদেষ্টা বিশ্ব খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় এফএও- এর ভূমিকার প্রশংসা করেন। নতুন শক্তি ও নব উদ্যমে এফএও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে গত কয়েক মাসে প্রতিকূল পরিবেশে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের সাফল্যের উচ্চ প্রশংসা করেন এফএও মহাপরিচালক। আগামীতে বাংলাদেশে এফএও'র সহায়তা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি। ড. দিউফ বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা ও কুশলতা প্রশংসিত এবং এটি এমন একটি অবস্থানে পৌঁছেছে যা টেকসই খাদ্য নিরাপত্তা মোকাবেলায় অন্যদের কাছে উদাহরণ হতে পারে। সিএস করিমের সঙ্গে ছিলেন রোমে বাংলাদেশের দূত এবং এফএও-তে দেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা। একই দিন সিএস করিম এফএও প্রধান কার্যালয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ে উচ্চ পর্যায়ের আরও একটি অনুবর্তী সম্মেলনে যোগ দেন। তিনি কৃষি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে নেদারল্যান্ডসহ সদস্য দেশগুলোর প্রতিনিধিদল প্রধান এবং এফএও সচিবালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে/১৭৩৫ঘ.