চট্টগ্রাম, নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে 'নর্থ কনটেইনার ইয়ার্ড' নামে নতুন একটি কনটেইনার ইয়ার্ড চালু হয়েছে। নৌ পরিবহন সচিব শেখ এ কে মোতাহার হোসেন বৃহস্পতিবার সকালে এটি উদ্বোধন করেন।
বন্দর হাসপাতালের সামনে প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে সাড়ে ১৫ একর জমিতে নির্মিত এ ইয়ার্ডে ৮ হাজার ৪০০ কনটেইনার রাখা যাবে। এর মাধ্যমে বন্দরে কনটেইনার রাখার ক্ষমতা ৩৫ হাজার ৬৬৬ টিইইউএস এ পৌঁছাল।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-পরিবহন সচিব বলেন, "আমদানি-রপ্তানি বাণিজ্য যেভাবে বাড়ছে তাতে ২০১২ সালের পর চট্টগ্রাম বন্দর দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এ জন্য এখন থেকেই পরিকল্পনা নিতে হবে।"
অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ জানান, সংস্কারের কারণে বন্দরের দক্ষতা ৩০ শতাংশ বাড়ায় এখন ব্যবসার খরচ ৪০ শতাংশ কমেছে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, ২০০৬-২০০৭ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৭০৪ টিইইউস। আগের অর্থবছরের চেয়ে এ পরিমাণ ১০ দশমিক ৪৬ শতাংশ বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/এসকে/২৩০২ঘ.
bdnews24