২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের বৃহত্তম কন্টেইনার ইয়ার্ড 'পোর্ট পার্ক' চালু হচ্ছে

ট্টগ্রাম বন্দরের বৃহত্তম কন্টেইনার ইয়ার্ড 'পোর্ট পার্ক' আগামী বৃহস্পতিবার চালু হচ্ছে। নৌ পরিবহণ উপদেষ্টা এমএ মতিন ইয়ার্ডটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান কমোডোর আর ইউ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 12:33 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

রুহুল আমিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বৃহত্তম কন্টেইনার ইয়ার্ড 'পোর্ট পার্ক' আগামী বৃহস্পতিবার চালু হচ্ছে। নৌ পরিবহণ উপদেষ্টা এমএ মতিন ইয়ার্ডটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান কমোডোর আর ইউ আহমেদ। আর ইউ আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দরে কন্টেইনারে পণ্য আমদানির হার বাড়ছে। চাহিদার সঙ্গে তাল মেলাতে এবং কন্টেইনার জট নিরসন ও স্থান সঙ্কুলানের ক্ষেত্রে 'পোর্ট পার্ক' কন্টেইনার ইয়ার্ড বড় ধরনের ভূমিকা পালন করবে। ইয়ার্ডটি চালু হলে বন্দরের ধারণ ক্ষমতা অনেকখানি বাড়বে। এতে অতীতের মতো বন্দরে কন্টেইনার জট হওয়ার সম্ভাবনা শূন্যের কোটায় নেমে আসবে।" চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নিজস্ব অর্থায়নে প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ইয়ার্ডে চার স্তরে ৮ হাজার ৪০০টি টিইইউ'স (টোয়েন্টি ফুট পার ইকুয়্যাল ইউনিট) কন্টেইনার রাখা যাবে। বর্তমানে বন্দরের ধারণ ক্ষমতা ২৭ হাজার ২০০ টিইইউ'স। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০০ সালের মাঝামাঝি সময়ে এ কন্টেইনার ইয়ার্ডটি নির্মাণের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রণালয়ের অনুমোদন, ঠিকাদার বদল ও অন্যান্য জটিলতা শেষে ২০০৩ সালে ইয়ার্ডটির নির্মাণ কাজ পুরোদমে শুরু হয়। তিনি জানান, বন্দরের সংরক্ষিত এলাকার বাইরে চবক হাসপাতালের বিপরীতে প্রায় ১৫ একর জায়গার ওপর (৬৩ হাজার ৪২ বর্গমিটার) এ ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। এ ইয়ার্ডের কন্টেইনার ধারণ ক্ষমতা আট হাজার ৪০০টি টিইইউস এবং বছরে ১ লাখ ৭০ হাজার ৩৩৩টি টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে। এতে বছরে বন্দরের প্রায় ২৫ কোটি টাকা আয় হবে বলে তিনি জানান। গত অক্টোবর মাসে ইয়ার্ডটির নির্মাণ কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান আল আমিন কন্সট্রাকশান। ফরহাদ উদ্দিন জানান, পোর্ট পার্ক ইয়ার্ড চালুর পর বন্দরের এক্স ও ওয়াই শেড এলাকায় আরেকটি কন্টেইনার ইয়ার্ড নির্মাণের পরিকল্পনাও বন্দর কর্তৃপক্ষের রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার জানান, পোর্ট পার্ক ইয়ার্ডে আমদানিকৃত পণ্যের এফসিএল (ফুল কন্টেইনার লোডেড) কন্টেইনার রাখা হবে। এ ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য কমপক্ষে আটটি স্ট্র্যাডেল ক্যারিয়ারসহ রিচ স্টেকার, ফর্ক লিফ্ট, ট্রাক্টর টেইলরসহ সব ধরনের আধুনিক ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি আমদানি করে সেখানে স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডের বাইরে বর্তমানে বন্দরনগরীতে ১৩টি বেসরকারি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) রয়েছে। আইসিডি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এসএম শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দরের নতুন এ ইয়ার্ড আমদানি পণ্য খালাস এবং বন্দরের জট নিরসনে ভূমিকা রাখবে।" বন্দরের পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে বছরে গড়ে ১১ শতাংশ হারে কন্টেইনার হ্যান্ডলিং বাড়ছে। ২০০৬-২০০৭ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ৯ লাখ ১৩ হাজার ৭০৪টি টিইইউস'স, যা আগের অর্থবছরের তুলনায় ১০ দশমিক ৪৬ শতাংশ বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমআই/এমআই/১৮৩৪ ঘ.