২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রড আমদানিতে শুল্ক ও কর বাড়ানোর দাবি ইস্পাত ব্যবসায়ীদের

দেশের ইস্পাত শিল্পকে রক্ষায় বিদেশ থেকে রড আমদানির ওপর শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ইস্পাত ও লোহা ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ইস্পাত শিল্পকে রক্ষায় বিদেশ থেকে রড আমদানির ওপর শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ইস্পাত ও লোহা ব্যবসায়ীরা। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন, স্টিল মিলস্ ওনার্স অ্যাসোসিয়েশন ও শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের নেতারা এ দাবি জানান। এছাড়া স্টিল মিলে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক আমদানির শুল্ক সাত শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ এবং এর ওপর ১৫ শতাংশ হারে প্রযোজ্য ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা, জাহাজ নির্মাণের জন্য স্টিল প্লেট আমদানির ওপর আরোপিত শুল্কসহ অন্যান্য কর প্রত্যাহার না করা এবং 'এই ক্রান্তিকালীন' সময়ে ইস্পাত ও রি-রোলিং মিলগুলোর জন্য ব্যাংক ঋণের সুদের হার বন্ধ রাখারও দাবি জানানো হয়। আগামী ১৫ দিনের মধ্যে এসব দাবি পূরণ না হলে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাওসহ আন্দোলন কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ স্টিল মিলস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. বশির উল্লাহ বলেন, "গত ৩১ অক্টোবর ভারত সরকার রড রপ্তানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে তাদের উৎপাদন মূল্য কমে যাওয়ায় আমাদের দেশীয় ইস্পাত শিল্প হুমকির মুখে পড়েছে।" তিনি বলেন, "পাঁচ হাজার কোটি টাকার এই শিল্পকে বাঁচাতে বিদেশ থেকে রড আমদানির ওপর সাত শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক এবং আরও ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর আরোপ করার দাবি জানাচ্ছি আমরা।" বশির উল্লাহ বলেন, ভারতে রড তৈরির কাঁচামাল মেল্টিং ও রি-রোলেবল স্ক্র্যাপ আমদানিতে কোনো ঋণপত্রের (এলসি) প্রয়োজন হয় না এবং কোনো পিএসআই (প্রি-শিপমেন্ট ইন্সপেকশন) চার্জও নেই। পাশাপাশি 'ফ্রেইট' ও ব্যাংক ঋণে সুদের হার কম হওয়ায় তাদের উৎপাদন খরচ কম পড়ে। অন্যদিকে বাংলাদেশে 'অতিরিক্ত' এলসি ফি, এক শতাংশ হারে পিএসআই চার্জ এবং ফ্রেইট ও ব্যাংক ঋণে সুদের হার বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যায়। তাই বাংলাদেশের একশটি ইস্পাত ও তিনশটি রি-রোলিং মিলকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে রড আমদানির ওপর শুল্ক ও কর বাড়ানোর কোনও বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। বশির উল্লাহ বলেন, "ভারত সরকার স্থানীয় শিল্প রক্ষায় শিল্পবান্ধব নীতি তৈরি করলেও আমাদের কোনো সরকারই এদিকে নজর দেয় না।" পিএসআই পদ্ধতি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে বশির উল্লাহ বলেন, ২০০৮ সালের প্রথমদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি টন মেল্টিং স্ক্র্যাপের দাম দাঁড়ায় ৭০০ ডলার। গত একমাসে এই দাম কমে ২৫০ থেকে ৩০০ ডলারে নেমে এসেছে। আগে বেশি দামে কাঁচামাল কিনে এখন তাদের লোকসানে রড বিক্রি করতে হচ্ছে বলে দাবি করেন বশির উল্লাহ। তিনি আরও বলেন, পিএসআই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পরিদর্শন না করার কারণে মেল্টিং স্ক্র্যাপের সঙ্গে বালি, মাটি ও পাথর আসায় উৎপাদকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্টিল মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফজলুর রহমান, বাংলাদেশ রি-রোলিং মিলস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মাসাদুল আলম মাসুদ, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ মহসিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসকে/১৯৪২ঘ.