ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বর্তমানের মতো ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
নির্বাচন নিয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তা থাকলেও শিগগিরই তা কেটে যাবে বলে আশাবাদী তিনি।
মির্জ্জা আজিজুল রোববার সাংবাদিকদের বলেছেন, "একথা ঠিক যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা এখন রয়েছে। তবে আমরা (সরকার) আশা করছি, আগামী ২০ নভেম্বরের আগেই সব অনিশ্চয়তা কেটে যাবে। সব দলের অংশগ্রহণে ১৮ ডিসেম্বরই দেশে নির্বাচন হবে।"
যদি তা না হয়- প্রশ্ন করা হলে তিনি বলেন, "যদি নির্বাচন না হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে কী হবে- সে ব্যাপারে আমার কোনও মন্তব্য করা ঠিক হবে না।"
পরিকল্পনা মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক (অপারেশন ডিরেক্টর) জন রমি'র নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের কথা হয়।
মির্জ্জা আজিজুল বলেন, "অর্থনীতিতে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, আর অন্যটি আইন-শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের অর্থনীতি এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে রাজনীতিতে অস্থিরতা থাকলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে বর্তমানের মতো ভবিষ্যতেও দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে।"
উপদেষ্টা বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকলে রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে, বেসরকারি খাত আরও বিকশিত হবে, নতুন নতুন শিল্প-প্রতিষ্ঠান গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের উন্নয়ন হবে।"
রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে মত প্রকাশ করেন তিনি।
মির্জ্জা আজিজুল বলেন, "নির্বাচনের মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। খাদ্য উৎপাদন বাড়াতে হবে। একইসঙ্গে কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায়, তাও নিশ্চিত করতে হবে।"
বিশ্বব্যাংক কর্মকর্তার সঙ্গে বৈঠক প্রসঙ্গে মির্জ্জা আজিজ বলেন, "বিশ্বব্যাংক চলতি ২০০৮-০৯ অর্থ বছরে আমাদের (বাংলাদেশকে) ১৩৪ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে বলে অঙ্গীকার করেছে। ইতোমধ্যে ৮০ কোটি ডলারের বিষয়ে চূড়ান্ত চুক্তি হয়েছে। ডিসেম্বরের আরও ১৫ কোটি ডলারের চুক্তি হবে। বাকিটা জানুয়ারি থেকে জুনের মধ্যে পাওয়া যাবে।"
বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "সঙ্কট দীর্ঘস্থায়ী হলে বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। চলতি অর্থবছরে এক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। আগামী ২০০৯-১০ অর্থবছরেও নেতিবাচক প্রভাব পড়বে না। তবে ২০১০-১১ অর্থ বছর থেকে বাংলাদেশে বিদেশি সাহায্যের প্রবাহ কমে যেতে পারে।"
এক্ষেত্রে বাংলাদেশের করণীয় কী- জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, "আমাদের কোন কোন মন্ত্রণালয়ের কোন কোন প্রকল্পে কী পরিমাণ বিদেশি সাহায্য প্রয়োজন, সে সংক্রান্ত একটি 'পোর্টফোলিও' এখনই চূড়ান্ত করতে হবে। নতুন সরকার আসার আগেই এ ধরনের একটি পোর্টফোলিও থাকা দরকার। যদিও ২০১০-১১ অর্থ বছর আসতে এখনও দেড় বছর বাকি। কিন্তু এখন থেকেই এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।"
বর্তমান সরকার একটি পোর্টফোলিও তৈরি করে দিয়ে যাবে জানিয়ে মির্জ্জা আজিজুল বলেন, "খুব শিগগিরই সব মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে, ২০১০-১১ অর্থবছর থেকে আগামী কয়েক বছরের জন্য তাদের কোন কোন প্রকল্পে কি ধরনের বিদেশি সহায়তা প্রয়োজন।"
সব মন্ত্রণালয়ের প্রস্তাব পাওয়ার পর একটি সমন্বিত 'পোর্টফোলিও' চূড়ান্ত করা হবে বলে আজিজুল ইসলাম জানান।
বিশ্বব্যাংক কর্মকর্তা জন রমি সাংবাদিকদের বলেন, "বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব পড়লেও বাংলাদেশে এর প্রভাব পড়েনি। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা খুবই সন্তোষজনক। নতুন নির্বাচিত সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিৎ দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়ন।"
বাংলাদেশে বিশ্বব্যাংকের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬২৩ ঘ.
bdnews24