২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি আয় ও রেমিটেন্স কমার আশঙ্কা করছে আইএমএফ

বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি আয় ও রেমিটেন্স (প্রবাসীদের পাঠানো অর্থ) কমে যাওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমানোর পরামর্শও দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 10:03 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রেক্ষাপটে বাংলাদেশের রপ্তানি আয় ও রেমিটেন্স (প্রবাসীদের পাঠানো অর্থ) কমে যাওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমানোর পরামর্শও দিয়েছে তারা। আইএমএফের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বুধবার সাংবাদিকদের এ কথা জানান। আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরামর্শক থমাস রামবাহ'র নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে গভর্নর জানান। তিনি বলেন, "তারা (আইএমএফ) বলেছে, বৈশ্বিক অর্থনীতিতে যে সঙ্কট চলছে, তাতে আমাদের রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ বিষয়ে সতর্ক থাকা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শও দিয়েছে তারা।" "আমাদের বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি নয় শতাংশ ছাড়িয়ে যাবে বলেও আইএমএফ আশঙ্কা করছে।" সালেহউদ্দিন বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আমরা বলেছি, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বেশ কমেছে। সরকার ইতোমধ্যে স্থানীয়বাজারে তেলের দাম কমিয়েছে।" "গত বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে। আমন ধানেরও ভালো ফলন হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে চলতি অর্থ বছরে গড় মূল্যস্ফীতি নয় শতাংশ অতিক্রম করবে না বলে আমরা তাদের জানিয়েছি।" গভর্নর বলেন, "ব্যাংকিং খাতে বিশাল অংকের খেলাপি ঋণের কথাও তারা তুলেছে। আমরা বলেছি, এটা আমাদের পুরনো সমস্যা। এ সমস্যা কাটিয়ে উঠতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমছে না।" কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০০৭-০৮ অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবাহে আগের অর্থবছরের (২০০৬-০৭) চেয়ে ২৬ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। ২০০৬-০৭ অর্থবছরে এ প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ১২ শতাংশ। চলতি অর্থবছরে (২০০৮-০৯) প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২৫ শতাংশের ওপরে রয়েছে। এ অর্থ বছরের বাজেটে গড় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নয় শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এমআই/১৫৫৫ ঘ.