ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) ২০০৮ এ পোশাক কারখানা মালিকরা প্রায় পাঁচ কোটি ৫৫ লাখ ডলারের তাৎক্ষণিক রপ্তানি অর্ডার পেয়েছেন। গত বছর পাঁচ কোটি ডলারের অর্ডার পাওয়া গিয়েছিল।
পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "বাটেক্সপোতে স্টল দেওয়া শিল্প মালিকরাই কেবল এ অর্ডারগুলো পেয়েছেন।"
রাজধানীর সোনারগাঁও হোটেলে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় তিনদিনব্যাপী বাটেক্সপো ২০০৮।
জার্মান টেকনিক্যাল করপোরেশনের (জিটিজেড) সহযোগিতায় ১৯তম বাটেক্সপোতে ভারত, হংকং, থাইল্যান্ড, চীন, পাকিস্তান ও বাংলাদেশের ৮৬টি প্রতিষ্ঠান অংশ নেয়।
বিজিএমইএ শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবার ১১৭ জন ক্রেতা ও তিন হাজার ৩৪৭ জন প্রতিনিধি মেলা পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএমএ/এসএনডি/এসকে/২২১৩ঘ.
bdnews24