২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-লন্ডন ফ্লাইট বন্ধ করে দিচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ

আগামী ২৮ মার্চ থেকে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ। মূলত অর্থনৈতিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 06:55 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৮ মার্চ থেকে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ। মূলত অর্থনৈতিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ব্রিটিশ এয়ারওয়েজের দক্ষিণ এশিয়া অঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থাপক আমান্ডা অ্যামোসকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এ সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য ছিল খুবই কঠিন। এ রুটে ব্যবসা থেকে আমাদের তেমন লাভ হচ্ছে না বলে আমরা এটি চালিয়ে যেতে পারছি না।' যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা বন্ধ করলেও বিমান সংস্থাটি কার্গো অপারেশন চালিয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। মধ্যপ্রাচ্য হয়ে কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে তা চালানো হবে। ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, যারা ঢাকা থেকে ২০০৯ সালের ২৮ মার্চের পর ভ্রমণের জন্য ইতোমধ্যে টিকেট কিনেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা আগে বিষয়টি আমাদের মৌখিকভাবে জানিয়েছে। তবে কোনো আনুষ্ঠানিক বার্তা এখনো পাইনি।" মাহবুব জামিল জানান, ব্রিটিশ এয়ারওয়েজ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়ে নিয়ে গত ছয় মাসে কয়েকবার আপত্তি জানায়। ট্যাক্সিওয়ে হচ্ছে রানওয়ে থেকে একটি উড়োজাহাজের টার্মিনালসহ বিমানবন্দরের অন্যান্য অংশে যাওয়ার পথ। গত বৃহস্পতিবার ট্যাক্সিওয়েসহ বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন কাজের জন্য ডেনমার্ক সরকারের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে জানিয়ে বিশেষ সহকারী বলেন, "এখন তো তাদের আপত্তি থাকার কথা নয়।" যুক্তরাজ্যের সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বৃহত্তম বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ ১৯৮০'র দশক থেকে বাংলাদেশে ফ্লাইট চালিয়ে আসছে। বর্তমানে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে এ সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/০০৪৭ঘ.