ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে চলতি করবর্ষের আয়কর রিটার্ন জমা দেয়ার সময় তৃতীয় দফা বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, '২০০৮-০৯ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতার ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৬ নভেম্বর। বিভিন্ন চেম্বার, সংগঠন ও সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে এ তারিখ ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।'
বর্ধিত সময়সীমা ব্যক্তিশ্রেণীর করদাতার সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদ ও উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর হওয়ায় তাদের সুবিধার বিষয়টি বিবেচনা করে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। এনবিআর কর্মকর্তারা বিভিন্ন কর অঞ্চলে আগামী বুধবার পর্যন্ত রিটার্ন জমা নেবেন।"
তিনি বলেন, "শুধু বৃহস্পতিবারই দুই লাখ করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।"
এর আগে বুধবার সন্ধ্যায় তিনি জানান, সেদিন পর্যন্ত চার লাখের বেশি করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আর এ থেকে সরকার রাজস্ব পেয়েছে ৭০০ কোটি টাকার মতো।
গতবারের চেয়ে এবার আয়কর রিটার্ন থেকে বেশি রাজস্ব আসবে বলে আশা প্রকাশ করেন এনবিআর প্রধান।
গতবার রিটার্ন থেকে সরকার পেয়েছিল ৭৩৯ কোটি টাকার রাজস্ব।
প্রতি কর বছরেই (অর্থ বছর) আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকে। কিন্তু শেষ সময়ে এসে মেয়াদ বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করে এনবিআর। এর পরও কাক্সিক্ষত রিটার্ন জমা না পড়ায় মেয়াদ ৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়
গতবারও রিটার্ন জমা দেওয়ার মেয়াদ দুই দফায় দু'মাস বাড়ানো হয়।
২০০৭-০৮ অর্থবছরে ৬ লাখ ৪০ হাজার করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন। এ থেকে সরকার ট্যাক্স পেয়েছিল ৭৩৯ কোটি টাকা। ২০০৬-০৭ অর্থবছরে আয়কর বিবরণী জমা দেওয়া ৫ লাখ ৩০ হাজার ব্যক্তির কাছ থেকে কর এসেছিল ২৫২ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২১৩৯ ঘ.
bdnews24