ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতার সঙ্গে সঙ্গতি রেখে পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি-ভাতা বাড়ানোর জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
চলমান বৈশ্বিক আর্থিক সঙ্কটের প্রসঙ্গ তুলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাশাপাশি নতুন বাজার অনুসন্ধানেরও তাগিদ দিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) ২০০৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বলেন, "শ্রমিকরাই শিল্পের চালিকাশক্তি। কারখানা ও শ্রমিক একে অপরের পরিপূরক। কিন্তু অনেক ক্ষেত্রেই শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।"
প্রধান উপদেষ্টা বলেন, ইতোমধ্যে ত্রি-পক্ষীয় আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
মালিকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, "গত জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত (২০ শতাংশ হারে) মহার্ঘ ভাতার আলোকে পোশাক শিল্পের শ্রমিকদেরও মজুরি-ভাতা বৃদ্ধির বিষয়টি যুক্তিসঙ্গত বলে আমি মনে করি।"
ফখরুদ্দীন আহমদ বলেন, "শ্রমিকরা যাতে সময়মত তাদের ন্যায্য মজুরি পায়, তাদের সুবিধা-অসুবিধা যাতে বিবেচনায় আনা হয়- সে ব্যাপারে সবাইকে আন্তরিক হতে হবে।"
বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, "এ সঙ্কটে আমাদের ঝুঁকি ও সম্ভাবনা দুটোই আছে। কীভাবে ঝুঁকিকে সম্ভাবনায় পরিণত করা যায়- সেটাই এখন আমাদের প্রধান কাজ। এ ব্যাপারে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমাদের তৈরি পোশাকের দুটি প্রধান বাজার আমেরিকা ও ইউরোপ। বিশ্ব অর্থনীতির মন্দার কারণে বাংলাদেশের কী ক্ষতি হতে পারে তা চিহ্নিত করতে হবে। সরকার বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ ব্যাপারে ইতোমধ্যে একটি কমিটি করা হয়েছে।"
বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার স
bdnews24