পাবনা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় ১১ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং হাবিব ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার পাবনার শুল্ক বিভাগ মামলাটি দায়ের করে।
পাবনা শুল্ক বিভাগের উপ-কমিশনার এ কে এম মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোম্পানিটি (হাবিব ফুড) দীর্ঘদিন ধরে বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।
তিনি জানান, পাবনা শহরের রাধানগর এলাকার হাবিব ফুড ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে নুডলস, সেমাই, লাচ্ছা, চানাচুর, বিস্কুটসহ বিভিন্ন ধরণের খাদ্যসামগ্রী তৈরি এবং বাজারজাত করে আসছিল।
কোম্পানিটি ২০০৬-০৭ সালের বার্ষিক লেনদেন (টার্নওভার) দেখায় সাড়ে সাত লাখ টাকা। ২০০৭-০৮ সালে দেখায় সোয়া আট লাখ টাকা।
শুল্ক কর্মকর্তা জানান, বার্ষিক ২৪ লাখ টাকার বেশি লেনদেন হলে ব্যবসা প্রতিষ্ঠানকে শতকরা ১৫ শতাংশ হারে ভ্যাট বা মূল্য সংযোজন কর দিতে হয়।
হাবিব ফুডের বার্ষিক লেনদেনের ব্যাপারে শুল্ক বিভাগের সন্দেহ দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পাবনা শুল্ক বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, তৌহিদুর রহমান ও ভূঁইয়া মফিজুর রহমানের নেতৃত্বে একটি দল কোম্পানির বিভিন্ন কাগজপত্র জব্দ করে। কাগজপত্র পরীক্ষা করে প্রায় এক কোটি টাকার বার্ষিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়।
শুল্ক কর্মকর্তারা তাৎক্ষণিক ৭২ লাখ টাকার লেনদেনের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ এনে হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৮ ঘ.
bdnews24