ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর কৃষি কনভেনশনে লুঙ্গি পড়ে আসায় গেটে আধঘন্টা আটকে রাখার অভিযোগ করেছেন হাসানুজ্জামান নুর নামে এক কৃষক প্রতিনিধি।
দেড়শ'রও বেশি বেসরকারি উন্নয়ন সংস্থার জোট- 'গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান' এর উদ্যোগে সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠি^ত হয় এ কনভেনশন।
বক্তব্য দিতে গিয়ে হাসানুজ্জামান নুর আয়োজকদের উদ্দেশে বলেন," লুঙ্গি পড়ে আসার কারণে আমাকে গেটে আধঘন্টা আটকে রাখা হয়। আমাদের কথা বলবেন, আমাদের নিয়ে কনভেনশন করবেন; অথচ গেটে আটকে রাখবেন এটা হতে পারে না।"
নুরের বক্তব্যে আয়োজকদের বিব্রত হতে দেখা গেছে। তিনি কৃষক ও কৃষির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।
এ কনভেনশন থেকে নির্বাচন সামনে রেখে 'সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি'র খসড়া ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২৪৮ঘ.
bdnews24