ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এবার অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করা থেকে সরকার কর বাবদ পেয়েছে ১০২ কোটি টাকা। যা গতবারের চেয়ে সাতশ' কোটি টাকা কম।
গত চার মাসের (জুলাই-অক্টোবর) বেশি সময়ে প্রায় ১৫ হাজার লোক অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ কাজে লাগিয়েছেন। গতবছর এ সুযোগ থেকে সরকার পেয়েছিল ৮০২ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩১ অক্টোবর সরকার ঘোষিত এ সুবিধার মেয়াদ শেষ হয়েছে। তবে ৩১ অক্টোবর শুক্রবার থাকার কারণে ২ নভেম্বর পর্যন্ত অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়া হয়েছিল। রোববার বিকেল ৫টা পর্যন্ত প্রায় ১৫ হাজার লোক অপ্রদর্শিত আয় বৈধ করেছে বলে এনবিআরে তথ্য এসেছে। আর এ থেকে সরকার কর বাবদ পেয়েছে ১০২ কোটি টাকার মতো।
তবে সারা দেশের হিসাব এখনও এনবিআরে আসেনি। সব হিসাব পাওয়া গেলে করের পরিমাণ আরও কিছু বাড়বে বলে জানান আবদুল মজিদ।
চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণার সময় ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়ার কথা ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
গতবারের চেয়ে এবার অপ্রদর্শিত আয় থেকে সরকার কম কর পাওয়া প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, "গতবার প্রথম দফায় অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়া হয়েছিল জুন ও জুলাই-এ দুই মাস। পরে আরও দুই মাস সময় বাড়ানো হয়। আর এবার জুলাই থেকে চার মাসের জন্য এ সুযোগ দেওয়ায় অনেকেই অপ্রদর্শিত আয় ও আয়কর রিটার্ন একসঙ্গে জমা দিচ্ছেন। কোনো কোনো করদাতা আয়কর রিটার্নেই অপ্রদর্শিত আয় দেখাচ্ছেন।"
এ কারণেই এবার গতবারের চেয়ে কম কর এসেছে বলে মনে করছেন আবদুল মজিদ।
এ প্রসঙ্গে তিনি জানান, স্বাভাবিক নিয়মে সেপ্টেম্বর মাসে আয়কর রিটার্ন জমা দিতে হয়। গতবার যাদের অপ্রদর্শিত আয় ছিল তারা সেপ্টেম্বর মাসের আগেই তা বৈধ করেছিলেন। কিন্তু এবার অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ এবং রিটার্ন জমা দেওয়ার সময় একই সময়ে হওয়ায় অনেকেই আয়কর রিটার্নে অপ্রদর্শিত আয় দেখাচ্ছেন।
চলতি বাজেটে এতোদিন যারা কর দেননি তারা তাদের বৈধভাবে উপার্জিত আয়ের (অপ্রদর্শিত আয়) ওপর চলতি অর্থবছরের প্রযোজ্য হারে আয়কর এবং সেই আয়করের ওপর সাত শতাংশ হারে জরিমানা দিয়ে ৩১ অক্টোবরের মধ্যে আয় বৈধ করার সুযোগ দেয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/২১০০ ঘ.
bdnews24