ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির সঙ্কটের প্রভাব মোকাবেলার জন্য একটি পরামর্শক কমিটি করেছে সরকার। আট সদস্যের ওই কমিটির প্রধান হচ্ছেন অর্থসচিব ড. মোহাম্মদ তারেক।
রোববার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন কার্যালয়ে সরকারের আর্থিক ও মুদ্রা বিনিময় সংক্রান্ত কমিটির বৈঠকে ওই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভা শেষে
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের তা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, "বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের করণীয় নির্ধারণে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতি ১৫ দিন পরপর বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুপারিশ বা পরামর্শ দেবে। সরকার সে পরামর্শগুলো বাস্তবায়ন করবে।"
গঠিত কমিটিকে 'টেকনিক্যাল' কমিটি বলে আখ্যায়িত করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কমিটির অপর সদস্যরা হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান, বীমা নিয়ন্ত্রক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একজন অতিরিক্ত সচিব এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) একজন প্রতিনিধি।
মির্জ্জা আজিজুল বলেন, "গঠিত কমিটি বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে আমাদের আমদানি-রপ্তানি, মুদ্রা বিনিময় হার, শেয়ারবাজার, বীমা পরিস্থিতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নসহ অর্থনীতির অন্যান্য বিষয়ে পরামর্শ দেবে।"
"বিশ্ব অর্থনীতির সঙ্কট দীর্ঘস্থায়ী না হলে আমাদের রপ্তানি বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না। একইসঙ্গে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহেও তা কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না", বলেন উপদেষ্টা।
বিশ্ব অর্থনীতির সঙ্কট মোকাবেলার জন্য তদারকি ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শক বা টেকনিক্যাল কমিটি গঠন নিয়ে গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত ২০ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে এক আলোচনা সভায় একটি পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব করেন।
এরপর ২৫ অক্টোবর বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর এক সংলাপে সংস্থার সাবেক নির্বাহী পরিচালক ও বর্তমানে বিশ্ববাণিজ্য সংস্থায় (ডব্লিওটিও) বাংলাদেশের রাষ্ট্রদূত দেবপ্রিয় ভট্টাচার্য একই ধরনের পরামর্শ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এমআই/১৫৪০ ঘ.
bdnews24