ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও অসাধু ব্যবসায়ীদের কিছুই হয় না বলে মন্তব্য করেছেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি বোরহান আহমেদ।
বুধবার দৈনিক ইত্তেফাক আয়োজিত 'দুধে মেলামাইন: আমাদের করণীয়' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যদ্রব্যে যে কোনো ধরনের দূষণ রোধে বৈঠকে ক্যাবের পক্ষ থেকে ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইনের (সিপিএ) কঠোর বাস্তবায়ন এবং সুশাসনের ওপর জোর দেয়া হয়।
বোরহান আহমেদ অভিযোগ করেন, "অসাধু ব্যবসায়ীরা সরকারি কর্মকর্তাদের যোগসাজশেই সিপিএ লঙ্ঘন করছেন। গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এসব ব্যবসায়ীর কিছুই হয় না।"
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, "একমাত্র জনগণের চাহিদার প্রতি দায়িত্বশীল সরকারই এ বিষয়টি সমাধান করতে পারে।"
শিশুখাদ্যে মেলামাইনের উপস্থিতির পরিপ্রেক্ষিতে শিশুদের জন্য মায়ের দুধের গুরুত্ব নিয়ে গোলটেবিল বৈঠকে আলোচনা করা হয়।
শিশুদের গুঁড়োদুধ না খাওয়ানোর জন্য সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক ফাতেমা পারভীন চৌধুরী বলেন, "মায়ের দুধ একটি শিশুর পুষ্টির জন্য পর্যাপ্ত খাবারের চেয়েও বেশি।"
বাজারে যাওয়ার আগে পুষ্টি ইনিস্টিটিউটের মাধ্যমে সব ধরনের খাবারের সনদ দেয়ার ব্যবস্থা নিতে সুপারিশ করেন তিনি।
অন্যান্যের মধ্যে দৈনিক ইত্তেফাকের সম্পাদক রাহাত খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীলুফার নাহার, এফবিসিসিআই সহসভাপতি আবুল কাশেম আহমেদ এ গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/জেকে/২২৫০ ঘ.
bdnews24