ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বস্ত্রখাত আগামী তিন বছরের মধ্যে কর্মী সঙ্কটে পড়তে যাচ্ছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফজলুল হক।
এ মুহূর্তেও দেশে দক্ষ কর্মীর অভাব রয়েছে জানিয়ে বুধবার তিনি বলেছেন, "আগামী তিন বছরের মধ্যে দেশের বস্ত্র খাতে দক্ষ কর্মী ঘাটতি অন্তত ৮০ হাজারে দাঁড়াবে।"
বুধবার রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা নিয়ে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী মতবিনিময় সভার উদ্বোধন উপলক্ষে ঢাকার ব্রিটিশ কাউন্সিল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে ফজলুল হক জানান, প্রতিবছর টেক্সটাইল কলেজগুলোতে মোট চার হাজার শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
"তবে প্রতিবছর এ খাতে আরও বেশি দক্ষ লোকবল প্রয়োজন, যা আমরা মেটাতে পারছি না।"- যুগ্ম সচিব বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশেদ আলম খান সংবাদ সম্মেলনে বলেন, "যুক্তরাজ্যে দক্ষ আপ্যায়ন কর্মীর ব্যাপক চাহিদা থাকার পরও আমরা প্রয়োজনীয় লোক সরবরাহ করতে পারছি না।"
তিনি জানান, এ ব্যাপারে প্রশিক্ষণের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রতিবছর বারোশ শিক্ষার্থীকে আপ্যায়ন কর্মী হিসেবে গড়ে তুলছে।
যুগ্ম সচিব বলেন, "এই দক্ষ কর্মীরা খুব সহজেই চাকরি পাচ্ছে। আমরা আরও বেশি প্রশিক্ষিত কর্মী গড়ে তুলতে পারলে যুক্তরাজ্যে এ খাতে এখনকার তুলনায় পাঁচগুণ বেশি কর্মী পাঠানো সম্ভব।"
বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিতাই চন্দ্র সূত্রধর বলেন, "দেশের কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম মোটেও আধুনিক নয়। শিগগিরই এর হালনাগাদ করা প্রয়োজন।"
ব্রিটিশ কাউন্সিলের ব্যবস্থাপক (শিক্ষা ও সমাজ) রাইকা ওয়ালি খান জানান, তিন দিনের মতবিনিময় সভায় কারিগরি শিক্ষা বিষয়ে বেশ কয়েকজন ব্রিটিশ বিশেষজ্ঞ উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
মতবিনিময় সভায় চাকরিদাতারাও উপস্থিত থাকবেন বলে রাইকা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/এসকে/২১০৭ঘ.
bdnews24