আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঙ্কটাকীর্ণ বিশ্ব অর্থনীতির প্রভাব মোকাবেলার জন্য আগামী কয়েকদিনের মধ্যে 'তদারকি ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শক কমিটি' করছে সরকার।
কমিটির প্রধান থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাতকারে বলেন, "সরকারি ও বেসরকারি খাতের বিশেষজ্ঞদের নিয়ে আমরা কমিটি করব। এ কমিটি বিশ্ব অর্থনীতির ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ ও সার্বিক বিষয়গুলো তদারক করবে। পরিস্থিতি মোকাবেলায় সরকারের করণীয় সম্পর্কেও পরামর্শ দেবে তারা। কমিটির সুপারিশগুলো জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।"
পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বসে বিশ্ব অর্থনীতির সঙ্কট নিয়ে কথা প্রসঙ্গে মির্জ্জা আজিজ বলেন, "আমরা (সরকার) চলমান সঙ্কট গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে। কেউ বলছেন, আমাদের রপ্তানি বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। উল্টো বাড়বে। আবার অনেকে বলছেন, রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।"
এ পরিস্থিতিতে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পরামর্শক কমিটি করছে জানিয়ে তিনি বলেন, "রপ্তানিকারক ও অর্থনীতিবিদদের একাংশ রপ্তানি ও রেমিটেন্সের প্রবৃদ্ধি ধরে রাখতে মার্কিন ডলারসহ অন্যান্য মুদ্রার বিপরীতে টাকার মান কমানোর কথা বলছেন। আবার কেউ কেউ টাকার মান একই রাখতে বলছেন।"
বিশ্ব অর্থনীতির সঙ্কট মোকাবেলার জন্য পরামর্শক কমিটি করার প্রস্তাব নিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০ অক্টোবর বিশ্ব অর্থনীতি নিয়ে হোটেল সোনাগাঁওয়ে এক আলোচনায় প্রথমবারের মতো পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব করেন।
২৫ অক্টোবর বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর এক সংলাপে সংস্থার সাবেক নির্বাহী পরিচালক ও বর্তমানে বিশ্ববাণিজ্য সংস্থায় (ডব্লিওটিও) বাংলাদেশের রাষ্ট্রদূত দেবপ্রিয় ভট্টাচার্য একই ধরনের পরামর্শ দেন। ওই সংলাপে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও টাস্কফোর্স গঠনের পক্ষে মত দেন।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, "ঠিক টাস্কফোর্স নয়, তবে এর আদলে আমরা একটি 'মনিটরিং ম্যানেজমেন্ট অ্যাডভাইজরি কমিটি' করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েক দিনের মধ্যে আমরা (সরকার) বৈঠকে বসব। সেখানেই এ কমিটি গঠন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/জিএনএ/২০৫০ ঘ.
bdnews24