ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রদর্শিত আয় বৈধ করার সময়সীমা ৩১ অক্টোবর শেষ হলেও আগামী রোববার (২ নভেম্বর) পর্যন্ত তা বৈধ করা যাবে।
এছাড়া ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা নিতে আগামী শনিবারও (১ নভেম্বর) খোলা থাকবে দেশের কর কার্যালয়গুলো।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
কাক্সিক্ষত সাড়া না মেলায় আয়কর বিবরণী জমা দেওয়ার সময় ইতোমধ্যে দুই দফায় ৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অপ্রদর্শিত আয়ের ক্ষেত্রে সময় বাড়ানো না হলেও এর সময়সীমার শেষদিন শুক্রবার থাকায় রোববার পর্যন্ত তা বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে।
আবদুল মজিদ বলেন, "আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ নভেম্বর। তবে সময় বাড়ানোর শুরুর দিনটি শনিবার বলে সবার সুবিধার জন্য বন্ধের ওই দিনেও কর কার্যালয়গুলো খোলা থাকবে। ব্যক্তি শ্রেণির করদাতারা ওই দিন রিটার্ন জমা দিতে পারবেন।"
অপ্রদর্শিত আয় বৈধ করার বিষয়ে তিনি বলেন, "এক্ষেত্রে সময় বাড়ানো হচ্ছে না। তবে সময়সীমার শেষ দিন শুক্রবার হওয়ায় রোববার পর্যন্ত অপ্রদর্শিত আয় বৈধ করা যাবে। আর শনিবার কর কার্যালয়গুলো খোলার রাখার সিদ্ধান্ত হওয়ায় শনিবারও তা করা যাবে।"
প্রতি কর বছরেই (অর্থ বছর) আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকে। তবে এ বছর প্রথম দফায় সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করে এনবিআর। পরে গত মঙ্গলবার দ্বিতীয় দফায় আরও ৬ দিন বাড়ানো হয়।
চলতি বছর কম রিটার্ন জমা পড়ার বিষয়ে আবদুল মজিদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "শেষ সময়ে এসে সব কিছু করা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। সবাই শেষ সময়ের জন্য বসে থাকে। রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।"
তিনি জানান, আয়কর অধ্যাদেশ অনুযায়ী কোনও ব্যক্তি সুনির্দিষ্ট কারণে বর্ধিত সময়সীমার মধ্যেও যদি আয়কর রিটার্ন জমা দিতে না পারে তাহলে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তার কাছে আবেদন করে সময় আরও কিছুদিন বাড়াতে পারেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) করদাতার সংখ্যা ২০ লাখ। এর মধ্যে গত ১৫ অক্টোবর পর্যন্ত ৯২ হাজার করদাতা তাদের আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। আর এ থেকে সরকার কর (ট্যাক্স) পেয়েছে ৪২০ কোটি টাকা।
গত সোমবার পর্যন্ত রিটার্ন জমা দেওয়া করদাতার সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে বলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
২০০৭-০৮ অর্থবছরে ৬ লাখ ৪০ হাজার করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন। এ থেকে সরকার ট্যাক্স পেয়েছিল ৭৩৯ কোটি টাকা। ২০০৬-০৭ অর্থবছরে আয়কর বিবরণী জমা দেওয়া ৫ লাখ ৩০ হাজার ব্যক্তির কাছ থেকে কর এসেছিল ২৫২ কোটি টাকা।
এদিকে চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণার সময় ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। কিন্তু সে আহ্বানে আশাব্যঞ্জক সাড়া মেলেনি।
এনবিআরের তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ১ হাজার ২৫০ জন মোট ১৩০ কোটি টাকা বৈধ করেছেন। তাদের কাছ থেকে জরিমানাসহ কর হিসেবে এনবিআর পেয়েছে প্রায় ২৭ কোটি টাকা।
২০০৭ সালের জুন থেকে সেপ্টেম্বর- এই চার মাসেই একই ধরনের সুযোগ কাজে লাগিয়ে ৪২ হাজার ৪৪৯ জন মোট ৫ হাজার ২১৩ কোটি টাকা বৈধ করেছিলেন। যা থেকে সরকার কর বাবদ পেয়েছিল ৮০২ কোটি টাকা।
প্রদর্শিত আয় বৈধ করার সময় বাড়ানো হবে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান গত ১৬ অক্টোবর এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা সময়সীমার মধ্যে অপ্রদর্শিত আয় বৈধ করবে না, তাদের বিরুদ্ধে ১ নভেম্বর থেকেই অভিযানে নামবে এনবিআর কর্মকর্তারা। এই অবৈধ আয় তাদের জন্য 'গলার কাঁটা' হয়ে দেখা দেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৪৪৯ ঘ.
bdnews24