ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রোববার থেকে জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে। রোববার রাত ১২টা থেকে হ্রাসকৃত মূল্য কার্যকর করা হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি অধ্যাপক এম তামিম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার জ্বালানি তেলের দাম কমানো হবে। রোববার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হবে।
জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৮ থেকে ৫০ এর মধ্যে স্থির করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া অকটেনের দাম ৮০ থেকে ৮৩ টাকার মধ্যে ধার্য করার প্রস্তাব করা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অকটেনের পুনর্র্নিধারিত মূল্যের চেয়ে ২ টাকা কমানো হবে।
জ্বালানি তেলের মূল্য হ্রাসের প্রস্তাব মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা অনুমোদন করলেই রোববার ঘোষণা দেওয়া হবে। প্রধান উপদেষ্টা এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেশ খানিকটা পড়ে যাওয়ায় সরকার দাম কমানোর ঘোষণা দিল। শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৬২ দশমিক ৭ ডলারে বিক্রি হয়েছে।
সা
bdnews24