২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শুরু হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা

ব্যবসা বাণিজ্যের মন্দাভাব কাটাতে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শেখ কামাল স্টেডিয়ামে শনিবার থেকে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 07:30 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

গোপালগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসা বাণিজ্যের মন্দাভাব কাটাতে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শেখ কামাল স্টেডিয়ামে শনিবার থেকে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হচ্ছে। এ মেলা ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিল্প ক্ষেত্রেও বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরি করবে বলে স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন। মেলার আয়োজক গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট কাজী জিন্নাত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেলায় একশ'টি স্টল এবং আটটি প্যাভিলিয়ন থাকছে। স্টলগুলোতে দেশি-বিদেশি পণ্যের পাশাপাশি স্থানীয় পণ্যও শোভা পাবে। স্থবির ব্যবসা বাণিজ্যে গতি আনতে আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। মেলার দেখভালকারী প্রতিষ্ঠান 'নেটওয়ার্ক' এর প্রধান নির্বাহী মো. ইয়াছিন খান বলেন, "ব্যবসা-বাণিজ্যের সার্বিক উন্নয়নের জন্য গোপালগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। আশা করি এ উদ্যোগ সফল হবে।" শিল্প ও বাণিজ্য মেলা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। জেলার উত্তম অয়েল মিলস ও কালী মাতা বাণিজ্য ভাণ্ডারের স্বত্বাধিকারী কালাচাঁদ সাহা বলেন, "এ জেলায় তেমন কোনো কলকারখানা নেই। তবে এখানে আখ ও পাটের মতো কাঁচামাল রয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে শিল্প স্থাপন করা সম্ভব।" মেলার মাধ্যমে উদ্যোক্তাদের উৎসাহিত করে শিল্প স্থাপন করা গেলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সঙ্গে সঙ্গে এ জেলা থেকে সরকার আরো রাজস্ব পাবে বলে তিনি মনে করেন। জেলার বেবী স্টোরের মালিক অমল সাহা বলেন, "ঈদের পর থেকেই ব্যবসায় মন্দাভাব চলছে। পণ্যের দাম নিম্নগামী হওয়ার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে পণ্য ক্রয় কমিয়ে দিয়েছে।" এ পরিস্থিতি কাটিয়ে উঠতে এ মেলা ভূমিকা রাখবে বলে তার ধারণা। মনোহারী পণ্যের পাইকারী ব্যবসায়ী বরকত স্টোরের মালিক মো. বখতিয়ার বলেন, "আমাদের ব্যবসা মূলত মেলাকেন্দ্রিক। শিল্প ও বাণিজ্য মেলা শুরু হচ্ছে। আশা করি এ মেলাকে কেন্দ্র করে আমাদের ব্যবসা আবার জমে উঠবে।" স্বর্ণ ব্যবসায়ী তন্ময় জুয়েলার্সের মালিক চৌধুরী আবুল কালাম বলেন, "শিল্প ও বাণিজ্য মেলায় ফার্নিচার, শো পিস, ইমিটেশন সামগ্রীর বেচা কেনা বাড়বে। কিন্তু স্বর্ণ ব্যবসায়ের মন্দাভাব কাটবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/১৩১৩ ঘ.