২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চাহিদার কারণেই হাজার টাকার নোট ছাড়া হচ্ছে'

চাহিদা থাকার কারণেই এক হাজার টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক। বৃহস্পতিবার বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক হাজার টাকার নোট ছাড়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদা থাকার কারণেই এক হাজার টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক। বৃহস্পতিবার বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক হাজার টাকার নোট ছাড়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাজহারুল হক বলেন, "বাংলাদেশের অর্থনীতির কলেবর গত এক দশকে অনেক বড় হয়েছে। মুদ্রার (মানি সার্কুলেশন) চাহিদা দ্বিগুণ হয়েছে। অর্থনীতি ও লেনদেনের সুবিধার কথা বিবেচনা করেই বাজারে বড় মানের মুদ্রা চালু করতে হচ্ছে। "প্রতিদিনই লেনদেনের পরিমাণ বাড়ছে। লেনদেন বাড়ায় বেশি নোট লেনদেন বা বহন করতে হচ্ছে। নোট বহনের জটিলতা এড়াতে বড় মানের নোাটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এ সব বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক এক হাজার টাকার নোট বাজারে ছড়ার সিদ্ধান্ত নেয়।" আগামী ২৭ অক্টোবর (সোমবার) কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই নোট ছাড়া হবে। এরপর পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও এই নোট ইস্যু করা হবে বলে মাজহারুল হক জানান। নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সব দেশেই মুদ্রা জাল হয়। সেই তুলনায় আমাদের দেশে 'টাকা' কম জাল হয়। পৃথিবীর কোনো দেশই মুদ্রা জাল বন্ধ করার ব্যাপারে গ্যারান্টি দিতে পারবে না।" তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিকভাবে এক হাজার টাকা মূল্যমানের ২০ কোটি (২০ হাজার কোটি টাকা) নোট বাজারে ছাড়বে। পার্শ্ববতী দেশ পাকিস্তান ও ভারতে এক হাজার রুপির মুদ্রা চালু থাকলেও বাংলাদেশে এক হাজার টাকা মূল্যমানের নোট চালু হচ্ছে প্রথমবারের মতো। থাইল্যান্ডে এক হাজার বাথের মুদ্রা চালু রয়েছে। জাপানে এক হাজার, দুই হাজার, পাঁচ হাজার ও ১০ হাজার ইয়েনের মুদ্রা চালু রয়েছে। নোটের বৈশিষ্ট্য: বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক হাজার টাকার নোটের আকার প্রচলিত সব নোটের চেয়ে একটু বড়। দৈর্ঘ্য ১৬০ মিলিমিটার ও প্রস্থ ৭২ মিলিমিটার। নোটের এক পাশে শহীদ মিনার এবং আরেক পাশে কার্জন হলের প্রতিকৃতি রয়েছে। এছাড়া সামনের অংশের ডান পাশে জলছাপে রয়েছে শাপলা ফুলের প্রতিকৃতি এবং বাম পাশে নিরাপত্তা সুতা। নাড়াচাড়া করলে এ সুতার রং পরিবর্তন হবে। সুতার মধ্যে '১০০০ টাকা' লেখা রয়েছে। নোটের উভয় পাশে বিশেষ এক ধরনের কালি রয়েছে যা হাতের স্পর্শে খসখসে অনুভূত হবে। নোটের সামনের অংশে '১০০০' লেখা আছে। নাড়াচাড়া করলে ওই লেখার রঙ পরিবর্তন হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সামনের অংশের ডান পাশে বৃত্তবিন্দু থাকবে যা হাতের স্পর্শে খসখসে অনুভূত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/জেকে/এমএইচবি/২২০০ ঘ.