২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে লাইসেন্স পাবে ২৫টি প্রতিষ্ঠান

বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে জন্য ২৫টি কোম্পানিকে অনুমতি (লাইসেন্স) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান একটি, বাকিগুলো বেসরকারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে জন্য ২৫টি কোম্পানিকে অনুমতি (লাইসেন্স) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান একটি, বাকিগুলো বেসরকারি। বিইআরসি চেয়ারম্যান গোলাম রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদের মধ্যে অনেকেই বিদ্যুৎ উৎপাদন করছে। পুরো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে একটি নেটওয়ার্কের আওতায় আনার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশে যারা 'এনার্জি' খাতে ব্যবসা করবে তাদের সবাইকেই লাইসেন্স নিতে হবে।" ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে আটটি নতুন এবং বাকি ১৭টি আগে থেকেই বিদ্যুৎ উৎপাদন করছে এবং এগুলোকেও লাইসেন্স নিতে হবে। সরকারি মালিকানাধীন বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ছাড়া বাকি ২৪টি প্রতিষ্ঠান জানুয়ারি মাসের মধ্যে ৩১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। গোলাম রহমান জানান, নতুন যে আটটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হচ্ছে তার মধ্যে একটি ক্যাপটিভ পাওয়ার (নিজ প্রয়োজনে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্বৃত্ত বিদ্যুৎ), তিনটি ভাড়াভিত্তিক ও চারটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিতরণ প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ লাইসেন্সের জন্য মনোনীত পুরোনো প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ১৪টি ক্যাপটিভ পাওয়ার প্লান্ট (সিপিপি), চারটি ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্লান্ট (আইপিপি), তিনটি সিএনজি রি-ফুয়েলিং স্টেশন ও তিনটি ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সাময়িক লাইসেন্স দেয়া হবে। ভাড়াভিত্তিক তিনটি বিদ্যুৎ কেন্দ্র হলো, ভোলার ভেনচার এনার্জি রিসোর্স লিমিটেড, ফেঞ্চুগঞ্জের এনার্জি প্রিমা লিমিটেড (উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট), শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (৮৭ মেগাওয়াট)। স্বাধীনভাবে বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) চারটি প্রতিষ্ঠান হলো, সিরাজগঞ্জের উল্লাপাড়ার সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড (১১ দশমিক ৩০ মেগাওয়াট), গাজীপুরের মাওনার সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড (৩৪ মেগাওয়াট), কুমিল্লার জাঙ্গলিয়ার সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড (৩৪ মেগাওয়াট) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড (৩৪ মেগাওয়াট)। ক্যাপটিভ পাওয়ার উৎপাদনকারী (সিপিপি) হিসেবে বিবেচিত ১৪টি প্রতিষ্ঠান হলো, যমুনা স্পিনিং মিলস লিমিটেড (৫ দশমিক ৭৯ মেগাওয়াট), জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (২৭ মেগাওয়াট), শামসুদ্দিন স্পিনিং মিলস লিমিটেড (৪ মেগাওয়াট), ওরিয়ন ল্যাবরেটরিস লিমিটেড (১ দশমিক ০৩ মেগাওয়াট), স্কয়ার হসপিটাল লিমিটেড (৪ দশমিক ২২ মেগাওয়াট), রহিম এনার্জি লিমিটেড (৩২ দশমিক ৯৫৮ মেগাওয়াট), বিএইচটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড(১ দশমিক ০৩ মেগাওয়াট), কুং কেং টেক্সটাইল বিডি ( ৫ দশমিক ৬৩২ মেগাওয়াট), কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (২৫ মেগাওয়াট), যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (১৬ মেগাওয়াট), পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড (২ দশমিক ৩৯ মেগাওয়াট), বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড (২ দশমিক ৭৩ মেগাওয়াট), সানজানা রটরস্পিন লিমিটেড (২ দশমিক ১২৮ মেগাওয়াট) ও ইওএস টেক্সটাইল মিলস লিমিটেড (২ দশমিক ৭১৬ মেগাওয়াট)। এছাড়া নিজ প্রয়োজনে বিদ্যুৎ উৎপাদনের জন্য তিনটি সিএনজি রি-ফুয়েলিং স্টেশন ফিডাপ কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড, মেসার্স আমিন সিএনজি ফিলিং স্টেশন ও মেসার্স নূরুল ইসলাম হাজারি ফিলিং স্টেশনকে লাইসেন্স দেওয়া হবে বিইআরসি। তবে লাইসেন্সের জন্য আবেদন করা রিজেন্ট পাওয়ার কোম্পানি ও মিয়াবাজার সিএনজি ফিলিং স্টেশনকে আপাতত লাইসেন্স না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বৃহস্পতিবার এ ব্যাপারে বিইআরসি আয়োজিত এক উন্মুক্ত আলোচনায় কনজিউমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পক্ষ থেকে 'রেন্টাল' বিদ্যুৎ উৎপাদনকারীদের লাইসেন্স দেয়ার ব্যাপারে আপত্তি জানানো হয়। তবে কমিশনের পক্ষ থেকে বলা হয়, ভোক্তা পর্যায়ে এর কোনো প্রভাব পড়বে না বরং বিদ্যুতের উৎপাদন বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএইচবি/২০০৫ ঘ.