২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার রোধে বাংলাদেশ ও নেপালের কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি

মুদ্রা পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধে তথ্যের আদান-প্রদানের জন্য মঙ্গলবার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক ও নেপালের কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধে তথ্যের আদান-প্রদানের জন্য মঙ্গলবার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক ও নেপালের কেন্দ্রীয় ব্যাংক। মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ সমঝোতা স্মারকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এর নির্বাহী পরিচালক ও আর্থিক গোয়েন্দা ইউনিটের (এফআইইউ) প্রধান আবুল কাশেম এবং নেপাল কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সেখানকার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান ধর্মরাজ সাপকোটা স্বাক্ষর করেন । এ নিয়ে বাংলাদেশ ব্যাংক মুদ্রা পাচার রোধে দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করল। এর আগে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক 'ব্যাংক নেগারা'র সঙ্গে একই ধরনের চুক্তি হয়। মঙ্গলবার চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল কাশেম সাংবাদিকদের বলেন, "এর আওতায় দু'দেশের কেন্দ্রীয় ব্যাংক মানি লন্ডারিং বিষয়ে তথ্য আদান-প্রদান করতে পারবে।" একই বিষয়ে আরো কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করা হবে বলে জানান তিনি। এদিকে, নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ এবং মুদ্রা পাচারের তথ্য আদান-প্রদানের লক্ষ্য সামনে রেখে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এ চুক্তি করা হচ্ছে।" ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ থেকে সরাসরি নেপালে মুদ্রা পাচার হওয়ার ঘটনা নেই বললেই চলে। তবে নেপাল থেকে পণ্য আমদানির মাধ্যমে মুদ্রা পাচারের ঘটনা ঘটে থাকতে পারে। এ চুক্তির ফলে আমদানির মাধ্যমে মুদ্রা পাচারের ঘটনা সম্পর্কে বাংলাদেশ ব্যাংক নেপাল কেন্দ্রীয় ব্যাংকের কাছে তথ্য চাইতে পারবে। একই বিষয়ে চুক্তি করার জন্য বাংলাদেশ ব্যাংক ভারতের কেন্দ্রীয় ব্যাংক 'রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া'র সঙ্গে আলোচনা করছে জানিয়ে তিনি বলেন, "সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গেও এ সংক্রান্ত চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/২০৫৫ঘ.