২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ কমছে: তামিম

জ্বালানি তেলের দাম চলতি সপ্তাহে কমানো হবে- অর্থ উপদেষ্টা এ কথা জানানোর এক দিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম বলেছেন, তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ কমছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 08:17 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম চলতি সপ্তাহে কমানো হবে- অর্থ উপদেষ্টা এ কথা জানানোর এক দিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম বলেছেন, তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ কমছে। তবে এ মূল্য হ্রাস ঢাকা ও চট্টগ্রামে পরিবহণ খাতে কোনও প্রভাব ফেলবে না জানিয়ে তিনি আশা প্রকাশ করেন এতে দেশের অন্য স্থানগুলোর পাশাপাশি দূরপাল্লার গাড়ি ভাড়া কমবে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক তামিম মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "জ্বালানি তেলের মূল্য অর্ধেক কমানোর দাবি থাকলেও সার্বিক বিবেচনায় ৮ থেকে ১২ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যেই জ্বালানি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে।" অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্বালানি তেলের দাম এ সপ্তাহের মধ্যেই কমানো হবে।" তবে দাম কী পরিমাণ কমবে, সে বিষয়ে তখন কিছু জানাননি তিনি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করার পর প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের নির্দেশে জ্বালানি মন্ত্রণালয় দাম কমানোর বিষয়ে কাজ শুরু করে। গত জুলাই মাসে সরকার যখন জ্বালানি তেলের দাম বাড়ায় তখন বিশ্ববাজারে এর ব্যারেল প্রতি দাম ছিল ১৪০ ডলারের বেশি। বর্তমানে তা ৭৫ ডলার। অধ্যাপক তামিম বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অর্ধেকে নেমে আসায় দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়।" জ্বালানি মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে এক সপ্তাহের মধ্যেই স্থানীয় বাজারে তেলের দাম কমবে বলে তিনি জানান। তামিম বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ১০ শতাংশের বেশি পরিবর্তন হলে তিন মাস পরপর স্থানীয় বাজারে এর দামের পুনর্মূল্যায়ন করা হবে। তবে দামের হেরফের যদি ১৫ শতাংশ হয়, তবে মূল্য পুনর্মূল্যায়নের কাজটি করা হবে এক মাস পরপর।" আন্তর্জাতিক বাজারে অর্ধেকে নেমে এলেও স্থানীয় বাজারে দাম সে অনুপাতে না কমানোর পক্ষে যুক্তি তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ৬৫ ডলার থেকে ১২২ শতাংশ বেড়ে ১৪৭ ডলারে উন্নীত হলেও সরকার তখন ৩৭ শতাংশ বাড়িয়েছিল। তাই অর্ধেক কমানোর দাবি থাকলেও সার্বিক বিবেচনায় ৮ থেকে ১২ শতাংশ মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" "আগের তুলনায় কমলেও এরপরও সরকারকে জ্বালানি তেল খাতে ভর্তুকি দিতে হবে", বলেন তামিম। তিনি আরও বলেন, "গত ২০/২৫ দিন ধরেই বিশ্ববাজারে তেলের মূল্য ব্যারেল প্রতি ৭০-৮০ ডলারে ঘোরাফেরা করছে। 'ওপেক' এ দাম ৮০-৯০ ডলারের মধ্যে রাখতে চায়। বাংলাদেশের ব্যাংকগুলো মনে করছে, আগামী বছরও তেলের দাম ৮০-৯০ ডলারের মধ্যেই থাকবে।" জ্বালানি তেলের দাম কমলে পরিবহণ ভাড়া কমবে কিনা- জানতে চাওয়া হলে অধ্যাপক তামিম বলেন, "দেশের অন্য স্থানগুলোতে পরিবহণ ভাড়া কমলেও ঢাকা ও চট্টগ্রামে ভাড়ার খুব একটি পরিবর্তন হবে না। এর কারণ, এ দুটি নগরীতে অধিকাংশ গাড়ি সিএনজিতে চলে। তবে দূরপাল্লার গাড়িগুলোর ভাড়া কমে আসবে।" এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। দেশে গ্যাস সঙ্কটের বিষয়ে তামিম বলেন, "গ্যাস সঙ্কটের দ্রুত সমাধানের কোনও সম্ভাবনা নেই। তবে সরকারের পক্ষ থেকে স্বল্পমেয়াদি যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে এক থেকে দেড় বছরের মধ্যে সঙ্কট কিছুটা কমবে।" সাঙ্গুরা গ্যাসক্ষেত্র থেকে ৩০ মিলিয়ন এবং ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, "আগামী জানুয়ারি মাসের মধ্যে আরও ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবার সম্ভাবনা রয়েছে।" উপকূলীয় অঞ্চলে গ্যাস অনুসন্ধান এবং আহরণে দুটি বিদেশি কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত উৎপাদন-বণ্টন চুক্তি (পিএসসি) মডেলে শতভাগ গ্যাস রপ্তানির যে অভিযোগ উঠেছে সে বিষয়ে জানতে চাইলে অধ্যাপক তামিম বলেন, "এ অভিযোগের কোনও ভিত্তি নেই।" কোনও চুক্তিতেই কাউকে শতভাগ গ্যাস রপ্তানির সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/জিএনএ/১৪০০ ঘ.