ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা এক মাসের ব্যবধানে ৩ লাখ ১০ হাজার কমে গেছে।
বিটিআরসি'র হিসাব অনুসারে, আগস্ট মাসে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ছিল ৪ কোটি ৫৪ লাখ; সেপ্টেম্বরে কমে হয়েছে ৪ কোটি ৫০ লাখ ৯০ হাজার।
বিটিআরসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
বিটিআরসির হিসাবে বলা হয়েছে, দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহক কমেছে দুই লাখ। আগস্ট মাসে এ প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ছিল ২ কোটি ৮৪ লাখ। সেপ্টেম্বরে তা ২ কোটি ৮২ লাখে নেমে আসে। বাংলালিংকের গ্রাহক সংখ্যা আগের মাসের চেয়ে তিন লাখ কমে সেপ্টেম্বর মাসে ১ কোটি ১৪ লাখ হয়। একটেলের গ্রাহকও কমে দাঁড়িয়েছে ৭৬ লাখ ৬৩ হাজারে। আগস্ট মাসে তাদের গ্রাহক সংখ্যা ছিল ৮১ লাখ ৪০ হাজার।
তবে সিটিসেল, ওয়ারিদ ও সরকারি মলিকানাধীন টেলিটকের গ্রাহক বেড়েছে।
এর মধ্যে টেলিটকের গ্রাহক সংখ্যা আগস্ট মাসের চেয়ে ১০ হাজার বেড়ে সেপ্টেম্বরে নয় লাখ হয়েছে। সিটিসেলের গ্রাহক আগস্টের ১৬ লাখ ৮০ হাজার থেকে বেড়ে সেপ্টেম্বরে ১৭ লাখ ৪০ হাজার হয়েছে। এছাড়া ওয়ারিদ টেলিকমের গ্রাহক সংখ্যা ২ লাখ ২০ হাজার বেড়ে হয়েছে ৩৮ লাখ ৬০ হাজার। আগস্ট মাসে ছিল ৩৬ লাখ ৮০ হাজার।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নিবন্ধনবিহীন মোবাইল ফোন সংযোগ বন্ধ করে দেওয়ায় গ্রাহক সংখ্যা কমেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
সাউথ এশিয়া মোবাইল ফোরামের চেয়ারম্যান মেহবুব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ হিসাবের মানে এই নয় যে মোবাইল খাতের প্রবৃদ্ধি কমছে। বরং প্রবৃদ্ধি বাড়ছে। মোবাইল খাতে একটি পরিচ্ছন্ন কর্মসূচির প্রয়োজন ছিল। এখন নিবন্ধনবিহীন সিম কার্ড বন্ধ হয়ে যাচ্ছে। এটি একটি ভাল লক্ষণ।"
ওয়েব সাইটের তথ্যে আরও জানানো হয়, এক মাসের ব্যবধানে বেসরকারি ল্যান্ডফোনের (পিএসটিএন) গ্রাহক বেড়েছে ১৬ হাজার। আগস্ট মাসে দেশে ল্যান্ডফোনের মোট গ্রাহক সংখ্যা ছিল ১৩ লাখ ১০ হাজার। সেপ্টেম্বরে তা ১৩ লাখ ২৬ হাজারে পৌঁছেছে। বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক র্যাংকস টেলের ১ লাখ ৪৬ হাজার।
তবে এ সময় সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের কোনও গ্রাহক বাড়েনি। সেপ্টেম্বরের হিসেবে বিটিসিএল গ্রাহক সংখ্যা ৮ লাখ ৭২ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএইচবি/২২৩৮ ঘ.
bdnews24