২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন গভর্নর

বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে রোববার দুপুরে দেশের সব সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে (ব্যাংকার্স বৈঠক) তিনি এ পরামর্শ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "ভালোভাবে যাচাই-বাছাই না করে ঋণ দেওয়ার ফলে পশ্চিমা দেশগুলোর ব্যাংকিং খাত বড় ধরনের সঙ্কটের মুখে পড়েছে। বিষয়টি বিবেচনায় রেখে আমাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। ঋণ বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভোগ-বিলাসে (অনুৎপাদনশীল খাতে) ঋণ বিতরণ যথাসম্ভব কমিয়ে আনতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে এখন উৎপাদনশীল খাত বিশেষ করে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ও আবাসন (হাউজিং) খাতে বেশি বেশি ঋণ দিতে হবে। কারণ, এ সব খাতে ঋণ বাড়লে কর্মসংস্থান বাড়বে, কাক্সিক্ষত জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে।" বিশ্ব অর্থনীতির সংকটের কোনো ধরনের নেতিবাচক বাংলাদেশের ব্যাংকিং খাতে পড়েনি উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, "আমরা (কেন্দ্রীয় ব্যাংক) সার্বিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। ব্যাংকগুলোকেও সে অনুযায়ী দিক-নির্দেশনা দেয়া হচ্ছে। আশা করছি ভবিষ্যতেও আমাদের ব্যাংকিং খাতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।" গভর্নর বলেন, "অনেক ব্যাংক বেশি লাভের আশায় বিলাসবহুল পণ্য কেনা বাবদ অর্থাৎ ভোগ-বিলাস খাতে বিনিয়োগ করে থাকে। এমনকি কিছু ব্যাংক বিয়ের জন্যও ঋণ দেয়। এর ফলে একদিকে যেমন মূল্যস্ফীতি বেড়ে যায়, অন্যদিকে উৎপাদনশীল খাত বঞ্চিত হয়। প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়।" ব্যাংকার্স বৈঠকে ব্যাংকগুলোর গ্রাহক সেবার মান নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, সরকারি-বেসরকারি কোনো ব্যাংকের গ্রাহক সেবার মানই সন্তোষজনক নয়। এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের ব্যাংক থেকে টাকা তুলতে হয়।" গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানের বিষয়টি ব্যাংকারদের জানানো হয়েছে। তারা সেবার মান বাড়াবেন বলে প্রতিশ্র"তি দিয়েছেন। কিছু কিছু ব্যাংক আমানতের সুদের হার বাড়িয়ে কার্যক্রম চালাচ্ছে- এ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে গভর্নর বলেন, "বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকেরও নজরে এসেছে। এ ধরনের অসুস্থ ব্যাংকিং কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।" বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, "বিশ্ব অর্থনীতির মন্দাবস্থা বাংলাদেশের ব্যাংকিং খাতে সরাসরি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। এর পরও কেন্দ্রীয় ব্যাংক আমাদের সাবধানে কার্যক্রম চালাতে বলেছে।" গ্রাহক সেবার মান প্রসঙ্গে তিনি বলেন, "শুধু ব্যাংক নয়, বাংলাদেশের সব কর্পোরেট প্রতিষ্ঠানেই গ্রাহক সেবার মান আন্তর্জাতিক মানের নয়। আমরা আমাদের সেবার মান বাড়ানোর চেষ্টা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/১৭২৩ ঘ.