২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিতে মন্দার প্রভাব কাটাতে সরকার সক্রিয় নয়: বিকেএমইএ

বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে পড়তে শুরু করলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, ১৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে পড়তে শুরু করলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক। 'নিট এক্সপোজিশন ২০০৮' উপলক্ষে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফজলুল হক বলেন, "বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব এরইমধ্যে আমাদের রপ্তানি খাতে (নিট) পড়তে শুরু করেছে। গত এক-দেড় মাসে আমাদের নিট পোশাক খাতে রপ্তানির অর্ডার ১০ ভাগ কমে গেছে। মন্দা দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে এ পরিমাণ আরও কমে যাবে। যার সরাসরি প্রভাব পড়বে দেশের রপ্তানি বাণিজ্যে।" এ সঙ্কট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না অভিযোগ করে বিকেএমইএ সভাপতি বলেন, "রপ্তানিকারকরা বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন হলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তুতি লক্ষ করা যাচ্ছে না। বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে একটি বৈঠক ডেকেছে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব। এতেই প্রমাণিত হয় যে সরকার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না।" তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে রপ্তানির বর্তমান ধারা অব্যাহত রাখতে সরকার ও রপ্তানিকারকরা মিলে একটি সমন্বিত পরিকল্পনা না নিলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি। সার্বিক বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণের জন্য জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার জন্য বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান ফজলুল হক। তিনি বলেন, "সরকারসহ বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, বিশ্ব অর্থনীতির সঙ্কটের কারণে বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। তারা বলছেন, যেহেতু আমরা কম দামি পণ্য রপ্তানি করি, সেহেতু সঙ্কটে পড়া দেশগুলো বিলাসবহুল পণ্য না কিনে কম দামি পোশাক কিনবে। এতে করে বাংলাদেশ আগের চেয়ে বেশি পণ্য রপ্তানি করতে পারবে। কিন্তু তাদের এ ধারণা মোটেই ঠিক নয়।" নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বিকেএমইএ প্রধান বলেন, "আমরা কম দামি পোশাক রপ্তানি করি ঠিক, কিন্তু এ ধরনের মন্দায় ক্ষতিগ্রস্ত হয় সবাই। মন্দা দীর্ঘস্থায়ী হলে তুলনামূলকভাবে সীমিত আয়ের মানুষের ওপর চাপ বেশি পড়বে। আর আমাদের রপ্তানি করা পোশাক সাধারণত দরিদ্র জনগোষ্ঠীই ব্যবহার করে। ইতোমধ্যে তাদের মধ্যে চাকরি হারানোর ভয়সহ নানা ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। নিজেদের বাজেট কমাতে বাধ্য হচ্ছে তারা। আগে যারা বছরে ৪০টি জামা কিনতেন, এখন তারা ২০টি কিনবেন।" আগামী ছয় মাসে গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, "সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। তাতে পণ্যের উৎপাদন খরচ বাড়বে। অথচ এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হলো পণ্যের উৎপাদনশীলতা বাড়ানো। আর তা করতে গিয়ে কোনো অবস্থাতেই যাতে উৎপাদন খরচ না বাড়ে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।" ফজলুল হক বলেন, পণ্যের বৈচিত্র্য এবং নতুন বাজার খোঁজার দায়িত্ব নিতে হবে রপ্তানিকারকদের। কিন্তু রপ্তানি পণ্যের উৎপাদন খরচ যাতে না বাড়ে সে বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগমী ২০ থেকে ২২ অক্টোবর রাজধানীর হোটেল শেরাটনে নিট পণ্যের প্রদর্শনী 'নিট এক্সপোজিশন ২০০৮' অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিকেএমইএ সভাপতি বলেন, "এবারের মেলার ফোকাস হচ্ছে জাপান। জাপানে নিট পোশাকের ৯ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। এর মধ্যে ৮৭ শতাংশই রপ্তানি করে চীন। আর বাংলাদেশের জাপানে নিট পণ্য রপ্তানি করে আয় করে মাত্র ৬ মিলিয়ন ডলার। আমরা জাপানের বাজারে ভালোভাবে প্রবেশ করতে চাই।" এ লক্ষ্য সামনে রেখে জাপানের বড় বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে (বায়ার) মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে ফজলুল হক জানান। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, স্পেন, জার্মানিসহ মোট ১০টি দেশের বায়াররা মেলায় অংশ নেবেন বলে বিকেএমইএ নেতারা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার প্রদর্শনীতে মোট ৫৬টি স্টল থাকছে। এর মধ্যে ৫৪টি দেশি ও দুটি বিদেশি। রাজধানীর সোনারগাঁও রোডে বিকেএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিকেএমইএ সহ-সভাপতি আবদুর রাশেদ, এম এ বাসেদ, এম এ রহমান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসএনডি/১৮১০ ঘ.