ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দাভাবের মধ্যে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কোনও ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে জিয়া বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
গভর্নর ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফ এর বার্ষিক সাধারণ সভায় অংশ নেন। সংস্থা দুটির কাছ থেকে একশ কোটি ডলার আর্থিক সহায়তার আশ্বাস মিলেছে বলেও জানান তিনি।
সালেহউদ্দিন সাংবাদিকদের বলেন, "বিশ্বব্যাংক ও আইএমএফ- এর কাছে থেকে বাংলাদেশ ব্যাংক একশ কোটিরও বেশি ডলারের (এক বিলিয়ন ডলার) আর্থিক সহায়তা পেতে যাচ্ছে।"
"উন্নয়নশীল অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ নিয়ে দাতা সংস্থাগুলোর ধারণা অনেকটা ইতিবাচক। মূল্যস্ফীতির নিম্ন হার এবং ৬ শতাংশ প্রবৃদ্ধির হার নিয়ে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার প্রশংসাও করেছে তারা।"
বিশ্বের বর্তমান অর্থনৈতিক মন্দাবস্থা বাংলাদেশে কী প্রভাব ফেলতে পারে- সাংবাদিকরা জানতে চাইলে গভর্নর বলেন, "বাংলাদেশের অর্থনীতিতে এর তাৎক্ষণিক কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই।"
তবে রপ্তানি খাত এবং বৈদেশিক উন্নয়ন সহায়তার (ওডিএ) প্রবাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে মনে করেন তিনি।
এ প্রেক্ষাপটে টাকার অবমূল্যায়নের কোনও ভাবনা রয়েছে কিনা- জানতে চাইলে সালেহউদ্দিন বলেন, "জরুরি প্রয়োজন দেখা না দিলে আমরা টাকার অবমূল্যায়নের কথা ভাবতে চাই না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/এমআই/১৩০০ ঘ.
bdnews24